দেবহাটা রূপসী ম্যানগ্রোভ: পর্যটন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় জনপদ দেবহাটায় প্রাকৃতিক সৌন্দর্য ও ইকো-ট্যুরিজমের নতুন দিগন্ত উন্মোচন করছে “দেবহাটা রূপসী ম্যানগ্রোভ”। সঠিক পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি দেশের অন্যতম প্রধান দর্শনীয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এই ম্যানগ্রোভ বনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ঘটলে গাইড, নৌপরিবহন, হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন খাতে এলাকার হাজারো যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পরিবেশবিদদের মতে, রূপসী ম্যানগ্রোভ শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, উপকূলীয় অঞ্চলে ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমানো এবং জীববৈচিত্র্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এই বন দেবহাটার আর্থ-সামাজিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছে সচেতন মহল।









