দেশে হামের প্রাদুর্ভাব কমছেই না, মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়ালো
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৬০১ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫১১ জনের। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৯০ জন প্রাণ হারিয়েছে। সর্বমোট এই পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬০১ জন মারা গেছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৫ হাজার ৯৪২ জন।





