পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের পরিবেশ ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের জোগান বজায় রাখতে প্রতিটি খালি ও পরিত্যক্ত জায়গায় পরিকল্পিতভাবে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে যশোর টাউন হল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রতি বছর দেশব্যাপী পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। গাছ কাটার প্রয়োজনীয়তা দেখা দিলে একটির বিপরীতে কমপক্ষে দুটি গাছ লাগাতে হবে। নিজ নিজ বসতবাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বৃক্ষরোপণে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশোক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আইনজীবী সৈয়দ সাবেরুল হক খান সাবু এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খান। আলোচনা শেষে প্রধান অতিথি মেলায় অংশ নেওয়া সেরা স্টল প্রতিনিধি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে প্রতিমন্ত্রী যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর সদর হাসপাতালের জন্য স্বাস্থ্যসেবা সামগ্রী ও হুইলচেয়ার, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার এবং দুস্থদের মধ্যে সাহায্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি যশোর ইনস্টিটিউট আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।






