শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকগাছায় দরিদ্র শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফি দিলো দলিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
পাইকগাছায় দরিদ্র শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফি দিলো দলিত

তালা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার দরিদ্র, মেধাবী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৯ শিক্ষার্থীকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফি বাবদ আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দিয়েছে বেসরকারি সংস্থা দলিত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াসিউজ্জামান চৌধুরী।
দলিতের ‘লেটারেসি প্রজেক্ট ফর মার্জিনালাইজড কমিউনিটি’ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক ধরাদেবী দাস। এ সময় প্রকল্প সমন্বয়কারী নেপাল দাসসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ads small one

অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের জেরে প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ায় চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের (অর্ডার) প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে জারা ও এইচঅ্যান্ডএমের মতো বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। বাংলাদেশের তিনটি তৈরি পোশাক কারখানার মালিকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কারখানা মালিকরা জানান, গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে, যার বেশিরভাগই চলে গেছে প্রতিবেশী দেশ ভারতে। দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ তৈরি পোশাক খাতের জন্য এই স্থানান্তর একটি বড় আঘাত এবং বর্তমান অস্থিরতা কাটলেও এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খাতসংশ্লিষ্ট নেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কম খরচে পোশাক উৎপাদনের যে সুবিধা বাংলাদেশ পেতো, তা দুর্বল হয়ে পড়েছে। এর ফলে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্যমতে, চলমান বিক্ষোভে এ খাতে ইতোমধ্যে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান আসে এই শিল্প থেকে।

লাভবান হচ্ছে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়া

ক্রয়াদেশ স্থানান্তরের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। পাশাপাশি সরবরাহ চেইনের ঝুঁকি কমাতে এবং সময়মতো পণ্য ডেলিভারি নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার ভারতের শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ারের দামে বড় উল্লম্ফন দেখা গেছে। গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের শেয়ার ৫ শতাংশ বেড়েছে।

এদিকে, গত বুধবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর এই চাপ আরও বেড়েছে। চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধি হওয়ায় এবং শ্রমিকদের দ্বিগুণের বেশি মজুরির দাবির চেয়ে অনেক কম হওয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার এই মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ আখ্যা দিয়ে শনিবার থেকে সব শ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন। তবে শিল্প মালিকদের মতে, এই মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রম ব্যয়ের সুবিধা আরও সংকুচিত হয়ে যাবে।

নাম প্রকাশ না করার শর্তে কারখানা মালিকরা জানান, চলমান অস্থিরতার কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার এবং সেলিওর মতো ব্র্যান্ডগুলো ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে, যার মূল অংশ পাচ্ছে ভারত। এ বিষয়ে জারার মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্ডিটেক্স মন্তব্য করতে রাজি হয়নি এবং এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।

দীর্ঘমেয়াদে ব্যবসা হারানোর শঙ্কা

বিজিএমইএ-র পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ক্রেতারা যখন কম দাম চাইছেন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হচ্ছে, ঠিক সেই সময়ে মজুরি বৃদ্ধি উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে।

তবে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনও ব্র্যান্ডের নাম উল্লেখ না করে বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হলে আর্থিক ক্ষতি কমিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখা সম্ভব হয়।

 

কারখানা মালিকদের বড় দুশ্চিন্তা হলো, একবার যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে, ক্রেতারা নতুন করে উৎস মূল্যায়ন করলে ভবিষ্যতেও সেই ব্যবসা আর ফিরে নাও আসতে পারে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে তীব্র হওয়া জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে এবং কারখানাগুলোকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য করছে।

মহিউদ্দিন চৌধুরী জানান, ক্রেতারা এখন দামের চেয়ে সময়মতো পণ্য ডেলিভারিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ভারতের সরবরাহকারীরা বাংলাদেশের চেয়ে প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া ১৫ দিন পর্যন্ত কম সময়ে পণ্য দিতে পারে। প্রতিযোগী দেশগুলো যেখানে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও ডেলিভারি সম্পন্ন করে, বাংলাদেশে সেখানে প্রায় ১২০ দিন সময় লাগে।

অস্থিরতার কারণে ঢাকার আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন ব্যাহত হয়েছে। অনেক কারখানা সময়মতো পণ্য পাঠাতে ওভারটাইম এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পরিবহনের কথা ভাবছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, ১ নভেম্বরের পর থেকে অস্থিরতার কারণে আমার বেশিরভাগ ক্রেতাই নতুন অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছেন। তারা জানাচ্ছেন, আমাদের অর্ডারগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ঢাকায় সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। শিল্প নেতারা সতর্ক করে বলেছেন, স্থিতিশীলতা ফিরিয়ে আনা না গেলে সাময়িক এই ক্রয়াদেশ স্থানান্তর দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে রূপ নেবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলেও এসব অর্ডার আর বাংলাদেশে ফিরে আসবে না।

সূত্র: রয়টার্স

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ জন ক্রিকেটার, কেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ জন ক্রিকেটার, কেন

পাকিস্তান নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা ছোট করে এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬-২৭ মৌসুমের জন্য এবার মাত্র আট জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে তারা। আগের মৌসুমে এই সংখ্যা ছিল ২০। অর্থাৎ এক ধাক্কায় ১২ জন ক্রিকেটার কমিয়েছে পিসিবি।

শুক্রবার (২৭ নভেম্বর) নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। এতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন অধিনায়ক ফাতিমা সানা ও বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল।

‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন মুনিবা আলী সিদ্দিকী, নাশরা সান্ধু ও সিদরা আমিন। আর ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা ও সাদাফ শামাস। নতুন চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

আগের চুক্তিতে থাকা ২০ জনের মধ্যে এবার বাদ পড়েছেন ১৩ জন। তাদের মধ্যে রয়েছেন আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, রামিন শামিম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ, আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার। বাদ পড়েছেন উদীয়মান ক্রিকেটার ইমান ফাতিমা ও শাওয়াল জুলফিকারও।

নতুন কাঠামোয় ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরি বাতিল করেছে পিসিবি। বিশেষ করে গত বছর তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে চালু করা হয়েছিল ‘ই’ ক্যাটাগরি। এবার সেই ক্যাটাগরিতে থাকা দুজনের কেউই চুক্তিতে জায়গা পাননি।

পিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স, ফিটনেস ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে চুক্তির তালিকা তৈরি করা হয়েছে। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়মিত ফিটনেস পরীক্ষার মধ্য দিয়েও যেতে হবে।

উল্লেখ্য, গত এক বছরে পাকিস্তান নারী দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কেন্দ্রীয় চুক্তিতে এমন বড় পরিবর্তন এনেছে বোর্ড।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাহিদ রানা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাহিদ রানা

গত চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাডমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

নাহিদ রানার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় দলের এই পেসারের দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় তার সতীর্থ ও ভক্তরা।