মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে মাদকের বিস্তার!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে মাদকের বিস্তার!

রাড়–লি (পাইকগাছা-খুলনা) প্রতিনিধি: সারা দেশে মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা থাকলেও খুলনার পাইকগাছা উপজেলার ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নে প্রকাশ্যে মাদকের আসর বসার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের বাঁকা বাজার সংলগ্ন এলাকা, ইসলামী ব্যাংকের বুথের পাশের সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা, আরাজী ভবানীপুর বকুলতলার মোড়ের ময়ূর বাগান, বাঁকা পশ্চিমপাড়া, বাঁকা ঘোষপাড়া শ্মশানঘাট, রাড়ুলী কলেজের কফি হাউসের আশপাশ, ষষ্ঠীতলা বাজারের পূর্ব পাশের বাঁশবাগান এবং কাঠিপাড়া-শালিকা সড়কের শ্মশানঘাট এলাকায় নিয়মিত মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা দেখা যায়। এসব স্পটে দীর্ঘদিন ধরে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি ও সেবনের কাজ চলছে।
সাধারণ মানুষের জানা এই স্পটগুলো প্রশাসনের নজরদারির বাইরে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। গত ৫ জুন বাঁকা বাজারে অভিযান চালিয়ে ১২৪টি ইয়াবাসহ একজনকে আটকের ঘটনা এলাকায় মাদকের বিস্তারের সত্যতা প্রমাণ করে। তবে বাসিন্দাদের দাবি, কেবল মাঝেমধ্যে দু-একজনকে আটক করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদকের মূল উৎস, সরবরাহকারী এবং গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষায় শুধু সাময়িক অভিযান নয়, রাড়ুলী ইউনিয়নকে মাদকমুক্ত করতে ধারাবাহিক ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Ads small one

বাঁধনহারা পুরস্কার-২০২৬ ঘোষণা, সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
বাঁধনহারা পুরস্কার-২০২৬ ঘোষণা, সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন

 

নিজস্ব প্রতিনিধি: সাহিত্য, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ষষ্ঠ বাঁধনহারা পুরস্কার-২০২৬’-এর জন্য ১৪ জন গুণী ব্যক্তির নাম ঘোষণা করেছে বাঁধনহারা সাহিত্য পরিষদ।
৮ জুন সংগঠনটির পুরস্কার মনোনয়ন বোর্ড ঘোষিত তালিকা অনুযায়ী শিক্ষাক্ষেত্রে ড. মনজুর এলাহী (ঢাকা), কবিতায় জাকির আবু জাফর (ঢাকা) ও মো. শহিদুর রহমান (সাতক্ষীরা), শিশুসাহিত্যে হারুন ইবনে শাহাদাত (ঢাকা), সংগীতে আমিরুল মোমেনীন মানিক (ঢাকা), গবেষণায় ড. মনোয়ারুল ইসলাম (ঢাকা), ফররুখ গবেষণায় মুহাম্মদ জাফর উল্লাহ (চট্টগ্রাম), প্রবন্ধে ড. শাহনাজ পারভীন (যশোর), সংগঠক হিসেবে মো. রবিউল বাশার (কালিগঞ্জ, সাতক্ষীরা), সমাজসেবায় সিদ্দিকুর রহমান বকুল (শ্যামনগর, সাতক্ষীরা), ছড়ায় মাহবুবুর রহমান বুলবুল (শ্যামনগর, সাতক্ষীরা), সম্পাদনায় সীমান্ত আকরাম (ঢাকা), সাংবাদিকতায় মো. আফজাল হোসেন (কালিগঞ্জ, সাতক্ষীরা) এবং নাট্য সাহিত্যে আব্দুল ওহাব আজাদ (সাতক্ষীরা) বাঁধনহারা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
সাহিত্য সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাজধানী ঢাকা থেকে শুরু করে সাতক্ষীরা, যশোর ও চট্টগ্রামের গুণীজনদের এক মঞ্চে এনে সম্মানিত করার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সাহিত্য ও সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকা-কে জাতীয় পরিসরে তুলে ধরার একটি ইতিবাচক উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা সাহিত্য-সংস্কৃতির বিকাশে অবদান রাখা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে প্রভাব সৃষ্টি কারী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া ও সম্মানিত করতেই এ পুরস্কারের আয়োজন। বাঁধনহারা সাহিত্য পরিষদ বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে উক্ত ব্যক্তিদের পুরস্কারের জন্য মনোনীত করেছেন শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ, স্থান ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।
বিশিষ্টজনরা বলছেন, রাষ্ট্রীয় পর্যায়ে একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর এমন সম্মাননা উদ্যোগ দেশের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক কাজের চর্চাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
বাঁধনহারা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে সাহিত্য-সংস্কৃতি চর্চা, নতুন লেখক তৈরির উদ্যোগ এবং সামাজিক ও মানবিক কর্মকা- পরিচালনা করে আসছে। এর আগে সংগঠনটি দুই যুগ পূর্তি উপলক্ষে সাহিত্য সম্মেলন ও ‘বাঁধনহারা সাহিত্য পুরস্কার-২০২৫’ প্রদান করে দেশব্যাপী আলোচনায় আসে। ২০২৫ সালের আয়োজনে ১১ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছিলো সংগঠনটি।

 

 

কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলারোয়া পৌরসভার ঝিকরা জামে মসজিদ চত্বরে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে এবং যে কোনো ধরনের অপরাধী ও সন্ত্রাসীদের দমনে সুস্পষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি নূর ইসলাম, ফজলুর রহমান, আব্দুর রশিদ ও আজারুল ইসলাম।

পাটকেলঘাটায় উপজেলা বাস্তবায়নের দাবিতে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় উপজেলা বাস্তবায়নের দাবিতে প্রস্তুতি সভা

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় পাটকেলঘাটার আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, সাংবাদিক ইয়াসীন আলী সরদার, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম, মাওলানা মেহেদি হাসান ও আব্দুল হালিম।
সভায় পাটকেলঘাটাবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণে জনমত গঠন, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহর নির্দেশনায় দ্রুতই এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে আরেকটি সভা আহ্বান করা হবে। বক্তারা বলেন, পাটকেলঘাটার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় এটিকে উপজেলায় উন্নীত করা সময়ের দাবি।