পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সার্বিক তদারকি ও নির্দেশনায় হাসপাতালের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডা. মো. জহুরুল ইসলাম, ডা. সঞ্জয় কুমার ম-ল, ডা. শাকিলা আফরোজ, ক্যাশিয়ার দেবব্রত সরকারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং ছাদ, ফুলের টব, টায়ার বা প্লাস্টিকের বোতলে জমে থাকা পানি অপসারণ করা জরুরি। ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, কেবল সচেতনতা নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু থেকে বাঁচার প্রধান উপায়। সবাই নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে আসবে।









