পাটকেলঘাটায় অচেতন করে চুরি, হাসপাতালে ভর্তি ৩
নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটার গোয়ালপোতা গ্রামে দুই শিশুকে চেতনানাশক খাইয়ে ঘরের ড্রয়ারের তালা ভেঙে নগদ ৩৩ হাজার টাকা, একটি সোনার আংটি ও কিছু রুপার গহনা চুরির অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় দুই শিশুসহ একই পরিবারের তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোয়ালপোতা গ্রামের আলমগীর গাজী ২০ আগস্ট সকালে ঘেরের মাছ বিক্রি করতে বিনেরপোতা আড়তে যান। তাঁর স্ত্রী বাড়ির পাশে ঘাস কাটতে যান। বেলা ১১টার দিকে একই গ্রামের মহররম গাজীসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজন বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে থাকা দুই শিশু লামিয়া খাতুন (১৪) ও লামিম হাসানকে (৭) কৌশলে চেতনানাশক মেশানো কোমল পানীয় খেতে দেয়। পানের পর তারা অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তালা ভেঙে টাকা ও অলংকার নিয়ে যায়।
কিছুক্ষণ পর গৃহকর্তা আলমগীর গাজী বাড়ি ফিরে সন্তানদের অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়ের সত্যতা পরীক্ষার জন্য শিশুদের মা হাসিনা বেগম ওই পানীয় পান করলে তিনিও অচেতন হয়ে পড়েন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আলমগীর গাজী পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






