পাটকেলঘাটায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে গৃহবধূ হাসপাতালে
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কলাপাতা কাঠপাড়া গ্রামে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে কল্পনা রানী দাস (২৫) নামের এক গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে পারিবারিক কলহের জেরে পরিবারের সবার অগোচরে তিনি এই কাজ করেন বলে জানা গেছে। কল্পনা রানী ওই গ্রামের পল্লব দাসের স্ত্রী এবং এক সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সন্তানকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে বাড়িতে থাকা অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন কল্পনা। এর কিছুক্ষণের মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওই সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা ব্লিজ নামক একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চিকিৎসক মানস কুমার দাসের তত্ত্বাবধানে ওই গৃহবধূর চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।












