পাটকেলঘাটায় উপজেলা বাস্তবায়নের দাবিতে প্রস্তুতি সভা
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় পাটকেলঘাটার আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, সাংবাদিক ইয়াসীন আলী সরদার, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম, মাওলানা মেহেদি হাসান ও আব্দুল হালিম।
সভায় পাটকেলঘাটাবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণে জনমত গঠন, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহর নির্দেশনায় দ্রুতই এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে আরেকটি সভা আহ্বান করা হবে। বক্তারা বলেন, পাটকেলঘাটার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় এটিকে উপজেলায় উন্নীত করা সময়ের দাবি।











