পাটকেলঘাটায় শ্যামা পূজা ও দীপাবলি উদ্যাপন, গ্রামে গ্রামে যাত্রাপালা
এম এম জামান মনি, পাটকেলঘাটা: আলো ও অন্ধকারের চিরন্তন লড়াইয়ে আলোর বিজয়ের বার্তা নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটাসহ তালা উপজেলার বিভিন্ন স্থানে উদ্যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি। রোববার কার্তিক অমাবস্যায় দেবী কালীর আরাধনা ও দীপাবলি উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ছিল উৎসবমুখর পরিবেশ।
কার্তিক অমাবস্যার মহানিশায় শাক্ত রীতি অনুযায়ী দেবী কালীর পূজা অনুষ্ঠিত হয়। পূজার আনুষ্ঠানিকতায় ছিল মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন ও আরতি। অনেক মন্দিরে রাতভর চলে ভজন-কীর্তন ও ধর্মীয় সংগীত। ভক্তরা জবা ফুল, ফলমূল ও মিষ্টি নিবেদন করে দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন।
শ্যামা পূজার পাশাপাশি পালিত হয় দীপাবলি উৎসব। প্রদীপের আলোয় ঘরবাড়ি, মন্দির ও পূজামণ্ডপ সাজিয়ে তোলেন ভক্তরা। দীপাবলি শুধু আলোকসজ্জার উৎসব নয়, এটি জ্ঞান, বিবেক, সত্য ও শুভবোধের প্রতীক। প্রদীপের আলোয় অন্ধকার দূর করার পাশাপাশি মানুষের অন্তরে মানবিকতা ও সম্প্রীতির চেতনা জাগ্রত করাই এ উৎসবের মূল তাৎপর্য।
পাটকেলঘাটা থানার ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা ও খলিষখালীসহ তালা উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন মন্দিরে পূজা উপলক্ষে প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজা শেষে উপজেলার বিভিন্ন গ্রামে মহাধুমধামে যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের সূত্রে জানা গেছে, ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ২০টি যাত্রাপালার আয়োজন করা হয়েছে।
তালা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার বলেন, ধর্মীয় এ উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে। হিংসা, বিদ্বেষ ও অন্যায় দূর করে সত্য, ন্যায় ও মানবিকতার আলো ছড়িয়ে দেওয়াই এবারের দীপাবলির প্রত্যয়। একই সঙ্গে শব্দ ও বায়ুদূষণ এড়িয়ে নিরাপদ ও পরিবেশবান্ধবভাবে উৎসব পালনের আহ্বান জানান তিনি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, শ্যামা পূজা উপলক্ষে বাড়তি নিরাপত্তার প্রয়োজন না হলেও পুলিশের টহল জোরদার করা হয়েছে।











