প্রধান শিক্ষকের বদলির দাবিতে কেশবপুরে অভিভাবকদের মানববন্ধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার লক্ষ্মীনাথকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মূসার বদলির দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে মোবাইল ফোন ব্যবহার ও ঘুমিয়ে সময় কাটান। এছাড়া পোশাক পরিচ্ছদ ও পোশাকের শালীনতা বজায় না রাখার অভিযোগও তোলেন তাঁরা। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তাঁকে দ্রুত বদলি করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় অভিভাবক শাহিনের রহমান, লাভলী বেগম, ফাতেমা বেগম এবং শিক্ষার্থী মারিয়া খাতুন ও খালিদ হোসেনসহ এলাকার বিশিষ্টজনেরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মূসা বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। সম্প্রতি বিদ্যালয়ের নতুন কমিটি গঠন নিয়ে একটি পক্ষ পছন্দসই পদ না পেয়ে আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে।”











