প্রাণসায়রের খালের ধারে কসাইখানা তৈরির উদ্যোগে অসন্তোষ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ঐতিহাসিক প্রাণসায়রের খালের ধারে পৌরসভা কর্তৃক কসাইখানা নির্মাণের উদ্যোগে স্থানীয়দের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়েছে। আদালতে জমিসংক্রান্ত মামলা চলমান থাকা এবং আদালতের স্থিতাবস্থার আদেশ থাকা সত্ত্বেও এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সরেজমিনে খালের পাড়ে বর্জ্য ও ময়লার স্তূপ দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের আশঙ্কা, এতে করে পুনরুজ্জীবিত হওয়া ঐতিহ্যবাহী খালটি আবারও দূষিত হয়ে ভাগাড়ে পরিণত হবে।
উল্লেখ্য, ১৮৪০ সালে প্রাণনাথ রায় চৌধুরী নৌপথ যোগাযোগের জন্য এই খাল খনন করেছিলেন। ২০০০ সালের বন্যায় খালটি শহরের জলবদ্ধতা নিরসনে ভূমিকা রাখে। সম্প্রতি খালটি পুনঃখনন করে প্রবাহ ফিরিয়ে আনা হয়। স্থানীয়রা অবিলম্বে পরিবেশ ধ্বংসকারী কসাইখানা অন্যত্র সরানোর দাবি জানিয়েছেন।









