বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই ঘটনা ঘটে।

শুনানির এক পর্যায়ে ব্যারিস্টার খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বলেন, “আপনি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে আইনজীবীদের ইনকাম কমে গেছে।” এই কথার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ও বার সভাপতি তর্কে জড়িয়ে পড়েন। তর্কাতর্কির এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা।

পরে আদালত থেকে বেরিয়ে ব্যারিস্টার খোকন সাংবাদিকদের বলেন, “এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমি প্রধান বিচারপতির উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বললাম যে, আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আসলে মামলা শুনানি করা যাচ্ছে না আগের মতো। এ কারণে ল’ইয়ারদের ইনকাম কমে গেছে। একজন জুনিয়র লইয়ারকে ৫ লাখ টাকা কস্ট দেওয়াটা… অনেক বেশি হয়ে গেছে। উনাকে মাফ করেন।

“তখন প্রধান বিচারপতি বললেন যে, ‘আমি চিফ জাস্টিস হওয়ার পর কি ল’ইয়ারদের ইনকাম কমে গেছে?’ আমি ওনাকে বোঝাতে চেয়েছিলাম যে আগে ১১ জন বিচারপতির একটা বেঞ্চ ছিল। তিনটা বেঞ্চ ছিল। তিনটা বেঞ্চে আমরা শুনতাম মামলা। এখন একটা বেঞ্চ এবং একটা মামলায় স্টে হলে… হয়তো ছিল কি ইনজাংশন, শুনানি করার পরেই কিন্তু স্টে গ্রান্ট… জামিন বেরিয়ে যায় বা রিটে বলেন সেখানে শুনানি করতে পারছে না। ​ইভেন চেম্বার জাজে স্টে করলে মামলা হেয়ারিং করতে এক বছর পার হয়ে যায়। আমার নিজের একটা মামলাতে যে বিচারক বিচার করছিল আমরা… যদি দোষী প্রমাণিত হয়, তাহলে হাইয়েস্ট তিন মাস সাজা হতে পারে। আপিল ডিভিশন স্টে করে রাখছে আজকে এক বছর। চারবার আমি চেম্বার জাজকে রিকোয়েস্ট করলাম শুনানি করার জন্য, এই অর্ডারের এগেইন্সটে। শুনানি করতে পারি নাই এবং শুধু আমার না, সব লইয়ারদের একই অবস্থা।”

সুপ্রিম কোর্ট বার সভা​পতি আরও বলেন, “আপিল বিভাগে এখানে কোনও মেনশন করা যায় না। কেন মামলাটা উপরে ছিল, নিচে নেমে গেল কেন, মেনশন করা যায় না এবং যেহেতু একটা বেঞ্চ (আপিল বিভাগে)… মানুষ দীর্ঘদিন থেকে ন্যায়বিচার পাচ্ছে না। মামলা শুনানি করতে পারছে না। ল’ইয়াররা তাইলে মামলা হলে সে ল’ইয়ার ইনকাম করবে, কম হোক বেশি হোক নাকি? খুব কম। আমি খুব বিনয়ের সঙ্গে বললাম। উনি বললেন যে, আমি না… আমি তো ল’ইয়ারদের মামলা কমে গেছে, ল’ইয়ারদের ইনকাম কমে গেছে— আমি বলবোই। আমি চিন্তাই করি নাই যে প্রধান বিচারপতি এত রিঅ‍্যাক্ট করবেন। ওনার তো রাগ, অভিমানের ঊর্ধ্বে ওনার বিচারকের পদ। আর ল’ইয়ারদের প্রতিনিধি হিসেবে অবশ্যই আমার অবলিগেশন আছে… ওনার কাছে ল’ইয়ারদের পক্ষে আবেদন করার। এটা বাস্তব সত্য কথাই তো!”

এর আগে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত একই ঘটনায় একাধিক রিট মামলা করায় তথ্য গোপন এবং প্রতারণার অভিযোগে রিটকারী মোহাম্মদ নুর আলম এবং তার আইনজীবী সুফিয়া আহামেদকে পাঁচ লাখ টাকা করে মোট দশ লাখ টাকা জরিমানা করা হয়। আপিল বিভাগ এই জরিমানা করেন। জরিমানার টাকা ঢাকা শিশু হাসপাতালে ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে। নুর আলম পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী মাহাবুব উদ্দিন খোকন। অপর নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদ পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী অনীক আর হক, সিনিয়র আইনজীবী মো. শিশির মনির এবং আইনজীবী অমিত দাশ গুপ্ত।

Ads small one

অবৈধ স্থাপনায় আটকে ছিল সড়কের কাজ, অবশেষে উচ্ছেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
অবৈধ স্থাপনায় আটকে ছিল সড়কের কাজ, অবশেষে উচ্ছেদ

ইব্রাহিম খলিল: সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দিবা-নৈশ কলেজের সামনের সড়ক সম্প্রসারণের কাজে বাধা হয়ে থাকা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে স্থাপনাটি উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা সড়কের কাজ আগামী শনিবার অথবা রোববার থেকে আবার শুরু হবে বলে জানিয়েছে সাতক্ষীরা পৌরসভা।

সাতক্ষীরা শহরের পি এন হাইস্কুলের সামনে থেকে পিটিআই হয়ে সুলতানপুর সড়কের সম্প্রসারণ ও ঢালাইয়ের কাজ চলছিল দীর্ঘ তিন মাস আগে থেকে। কাজটি সুলতানপুর বড়বাজারের প্রবেশদ্বার দিবা-নৈশ কলেজের সামনে পৌঁছালে ২৯ জুন স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনার কারণে ওই অংশে কাজ বন্ধ হয়ে যায়। ফলে যানবাহন চলাচল, দুর্ভোগ ও ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ওই স্থাপনার কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। সড়ক প্রশস্ত করে যানজট নিরসন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে গত ২৯ জুন স্থানীয়রা মানববন্ধন করেন। পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজের সামনের অংশে সড়কের কাজ বন্ধ রাখা হয়।

বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভা যৌথভাবে অভিযান চালিয়ে সড়ক সম্প্রসারণের কাজে বাধা হয়ে থাকা স্থাপনাটি উচ্ছেদ করে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরা পৌরসভার রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। এখানে একটি অবৈধ স্থাপনা ছিল। স্থাপনাটির জন্য রাস্তা সম্প্রসারণের কাজ করা সম্ভব হচ্ছিল না। বিধি অনুযায়ী যেভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, ঠিক সেভাবেই আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। সাতক্ষীরা পৌরসভার লোকজন ও আমাদের এস্টিমেটর ছিল। আমরা অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেছি।

অভিযানের আগে স্থাপনার মালিককে নোটিশ দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, স্থাপনার যে ইট বা অন্যান্য মালামাল রয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য তাদের সময় দেওয়া হয়েছিল। এর আগে আমরা তাদের নোটিশ দিয়েছিলাম। নোটিশ দেওয়ার পরও তারা মালামাল সরাননি। আমরা আসার পর তাদের আরও এক ঘণ্টা সময় দিয়েছিলাম। ওই সময়ের মধ্যে তারা দোকানের মালামাল সরিয়ে নেন। মালামাল সরিয়ে নেওয়ার পর আমরা আমাদের উচ্ছেদ অভিযান শুরু করি এবং সফলভাবে সম্পন্ন করেছি।

সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা লিয়াকত আলী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা সড়কের কাজ আগামী শনিবার অথবা রোববার থেকে আবার শুরু হবে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত শেষ হলে সুলতানপুর বড়বাজারের প্রবেশমুখে যানজট কমবে এবং যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ হবে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর সাতক্ষীরা সফরসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর সাতক্ষীরা সফরসূচি

পত্রদূত ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান চার দিনের সফরে যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে সফর করবেন।

সফরসূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় যশোর পিটিআই মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

১৩ সেপ্টেম্বর সকাল নয়টায় তিনি সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সব বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরা জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, বিজিবির সিও, র‌্যাবের সিও, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, জিপি-পিপি, প্রেসক্লাবের সভাপতিসহ সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই দিন বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সব অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন মন্ত্রী।

১৪ সেপ্টেম্বর সকাল নয়টায় তিনি খুলনা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তিনি খুলনা জেলার জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তরপ্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল তিনটায় তিনি খুলনা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতা এবং নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

১৫ সেপ্টেম্বর সকাল নয়টায় বাগেরহাট জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার জনপ্রতিনিধি, দপ্তরপ্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল তিনটায় তিনি বাগেরহাট জেলা বিএনপির নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সফর শেষে ওই দিন সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করবেন।

আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময় উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময় উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা

পত্রদূত ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান আসাদের সঙ্গে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মতবিনিময় সভা উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, আইনজীবী নূরুল ইসলাম, আইনজীবী এম এম আশেক-ই-ইলাহী মুন্না, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী ও সদস্যসচিব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, জেলা তাঁতী দলের সভাপতি মো. হাসান শাহরিয়ার রিপন ও সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা, জিয়া মঞ্চের আহ্বায়ক ফয়জুল কবির খান, সাতক্ষীরা জেলা জাসাসের সদস্যসচিব মো. ফারুক হোসেন এবং সেতারা নাসরীন প্রমুখ।

সভায় আগামী ১৩ সেপ্টেম্বরের মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নেতা-কর্মীদের অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে সভাটি সফল করার আহ্বান জানানো হয়।

আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আইনমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপির সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।