বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের বেহাল দশা, বৃষ্টিতেই হাঁটু পানি
পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের প্রধান সড়কগুলোর এখন করুণ দশা। প্রতি বছর এই বাজার থেকে সরকার লাখ লাখ টাকা রাজস্ব পেলেও বাজারের অভ্যন্তরীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে কোনো ছোঁয়া লাগেনি। সামান্য বৃষ্টিতেই বাজারে সৃষ্টি হচ্ছে কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা।
বর্তমানে বাজারের খেয়াঘাট, সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসা সড়ক, পুরাতন ডাকবাংলো ভবন এলাকা, গরুর হাট রোড ও মাছ বাজার রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর বড় অংশ জুড়েই পানি জমে থাকছে। রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ। এতে পথচারী, রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চালকেরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন। বৃষ্টি হলে মালবাহী ট্রাকগুলো গর্তে আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদারকি নেই। পানি জমে থাকায় একদিকে যেমন বেচাকেনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে ক্রেতা ও বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাটকেলঘাটা বাজারের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে দ্রুত সড়ক সংস্কার ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।








