সচ্চিদানন্দ দে সদয়
একটি নদী মরে গেলে শুধু পানির প্রবাহ বন্ধ হয় না, থমকে যায় একটি জনপদের জীবন-জীবিকা, অর্থনীতি ও প্রকৃতির স্বাভাবিক ছন্দ। নদীকেন্দ্রিক কৃষি, মৎস্যসম্পদ, নৌ-যোগাযোগ ও জীববৈচিত্র্য ধীরে ধীরে বিপর্যয়ের মুখে পড়ে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ ও বেতনা নদীর বর্তমান অবস্থা সেই বাস্তবতারই উদাহরণ।
একসময় মরিচ্চাপ ও বেতনা ছিল এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। নদীতে চলত নৌকা ও স্টিমার, পণ্য পরিবহনে ব্যবহৃত হতো জলপথ, জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কৃষিকাজেও নদীর পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু সময়ের সঙ্গে দখল, দূষণ, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও পলি জমে নদী দুটি নাব্যতা হারিয়েছে। যে নদী একসময় জনপদের অর্থনীতিকে সচল রাখত, আজ সেই নদীই অস্তিত্বের সংকটে।
নদীর দুরবস্থা কাটাতে কয়েক বছর আগে খননকাজ করা হয়। উদ্দেশ্য ছিল নাব্যতা ফিরিয়ে আনা, পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং জলাবদ্ধতা ও ভাঙন সমস্যার সমাধান। কিন্তু খননের পরও যদি নদীর প্রাণ না ফেরে, পানিপ্রবাহ স্বাভাবিক না হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে—এই খননকাজের সুফল কোথায়?
স্থানীয়দের অভিযোগ, পলি জমে ভরাট হওয়া নদীর মূল অংশে প্রয়োজনীয় খনন না করে ভাঙনকূল ঘেঁষে খনন করা হয়েছে। ফলে মূল প্রবাহপথে কাঙ্ক্ষিত গভীরতা তৈরি হয়নি। খননের পরও বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও এক-দুই বছরের মধ্যে ভাঙন রোধে আবার সরকারি অর্থ ব্যয়ে সংস্কারকাজ করতে হচ্ছে। একই স্থানে বারবার অর্থ ব্যয় হলে প্রকল্পের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
নদী খনন আর নদী পুনরুদ্ধার এক বিষয় নয়। শুধু মাটি কেটে গভীরতা বাড়ালেই নদী বেঁচে ওঠে না। নদীর স্বাভাবিক গতিপথ, পানির প্রবাহ, জোয়ার-ভাটার প্রভাব, পলি জমার ধরন এবং আশপাশের জলপ্রবাহের সঙ্গে সংযোগ বিবেচনায় নিয়ে খনন করতে হয়। তা না হলে বিপুল অর্থ ব্যয়ে খনন হলেও অল্প সময়ের মধ্যে নদী আবার ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
দেশে নদী ও খাল খনন- পুনঃখনন নিয়ে নানা প্রকল্প গ্রহণ করা হয়। বরাদ্দ আসে, কাজ হয়, বিল পরিশোধ হয়। কিন্তু প্রকল্প শেষ হওয়ার পর নদীর প্রকৃত অবস্থার কতটা পরিবর্তন হলো, তা নিয়ে যথাযথ মূল্যায়ন সবসময় দেখা যায় না। কোনো প্রকল্পের সাফল্য শুধু কত কিলোমিটার খনন করা হয়েছে কিংবা কত টাকা ব্যয় হয়েছে, তা দিয়ে বিচার করা যায় না। দেখতে হবে, নদীতে পানিপ্রবাহ বেড়েছে কি না, নাব্যতা ফিরেছে কি না, কৃষক ও জেলেরা উপকৃত হয়েছেন কি না এবং নদীভাঙন কমেছে কি না।
মরিচ্চাপ ও বেতনা নদীর ক্ষেত্রেও প্রয়োজন নিরপেক্ষ মূল্যায়ন। আগের খননকাজের নকশা, কার্যাদেশ, ব্যয়, খননের গভীরতা ও প্রশস্ততা এবং বাস্তবে সম্পন্ন কাজের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। কোথাও অনিয়ম বা গাফিলতি থাকলে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। সরকারি অর্থ জনগণের অর্থ। সেই অর্থ ব্যয়ের সুফল জনগণ না পেলে উন্নয়ন প্রকল্পের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।
এ ক্ষেত্রে প্রকল্প প্রণয়নকারী কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে, নদীর প্রকৃত অবস্থা, পানিপ্রবাহ, পলি জমার ধরন, ভাঙনপ্রবণ এলাকা ও প্রয়োজনীয় গভীরতা নির্ধারণ করে খনন পরিকল্পনা করা হয়েছিল কি না। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ অনুযায়ী কতটুকু দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় খনন করা হয়েছে, তা স্পষ্ট করতে হবে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও তদারককারী কর্মকর্তাদের কাজের মান ও পরিমাণ যথাযথভাবে যাচাইয়ের বিষয়টি নিশ্চিত করতে হবে।
এ ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নদী ও উপকূলীয় পানি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই সংস্থার উচিত প্রকল্পের আগে ও পরে নদীর গভীরতা, প্রশস্ততা এবং পানিপ্রবাহের তুলনামূলক তথ্য জনসমক্ষে প্রকাশ করা। খননের পর অল্প সময়ের মধ্যে আবার ভাঙন দেখা দিলে তার কারণ নির্ণয় করতে হবে। নকশাগত ত্রুটি, নিম্নমানের কাজ কিংবা তদারকির ঘাটতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
জবাবদিহি নিশ্চিত করতে আগের খননকাজের ব্যয়, কার্যাদেশ, নকশা ও কাজ সমাপ্তির প্রতিবেদন প্রকাশ করা জরুরি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাইরে নদী ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের নিয়ে নিরপেক্ষ কারিগরি তদন্ত করা যেতে পারে। তদন্তের ফলাফল ও সুপারিশ জনসমক্ষে প্রকাশ করতে হবে। অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যৎ খননকাজের অগ্রগতি ও মান যাচাইয়ে স্থানীয় জনগণের অংশগ্রহণও নিশ্চিত করা প্রয়োজন।
নদী পুনরুদ্ধারের পথে আরেকটি বড় বাধা অবৈধ দখল ও দূষণ। নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত বাঁধ ও অন্যান্য প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বর্জ্য ফেলার কারণে স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। এসব বন্ধ না করে শুধু খনন করলে স্থায়ী সুফল পাওয়া কঠিন। নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি প্রয়োজন।
এ অঞ্চলের কৃষক, জেলে ও সাধারণ মানুষের জীবন নদীর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নদীতে পানির প্রবাহ না থাকলে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংকুচিত হয় এবং জলাবদ্ধতার ঝুঁকি বাড়ে। বিশেষ করে উপকূলীয় সাতক্ষীরায় নদীর নাব্যতা, বেড়িবাঁধের নিরাপত্তা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণ পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাই নদী ব্যবস্থাপনায় বিচ্ছিন্ন উদ্যোগ নয়, সমন্বিত পরিকল্পনা জরুরি।
মরিচ্চাপ ও বেতনা নদী নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। নদী বিশেষজ্ঞ, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। নদীর প্রকৃত প্রবাহপথ ও প্রয়োজনীয় গভীরতা নির্ধারণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করতে হবে। খনন করা মাটি কোথায় ফেলা হচ্ছে, তা নিশ্চিত করার পাশাপাশি খননের পর নিয়মিত তদারকি ও পলি ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নদীকে শুধু একটি প্রকল্প হিসেবে না দেখে জীবন্ত প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচনা করা। নদীকে বাঁচাতে হলে তার স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। শুধু বরাদ্দ, ঠিকাদারি কাজ ও আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে নদী পুনরুদ্ধারের সাফল্য সীমাবদ্ধ থাকলে চলবে না।
মরিচ্চাপ ও বেতনা নদী আজ আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে—নদী খননের নামে অর্থ ব্যয় হচ্ছে, অথচ নদীর প্রাণ ফিরছে না কেন? এই প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুঁজতে হবে। কারণ নদী মানুষের কাছে কোনো উন্নয়ন প্রকল্পের নাম নয়; নদী তাদের জীবন, জীবিকা ও ভবিষ্যতের অংশ।
আমরা চাই না, কয়েক বছর পর আবারও একই নদী খননের জন্য নতুন প্রকল্প নেওয়া হোক, কোটি কোটি টাকা ব্যয় হোক, অথচ বাস্তবে নদীর কোনো পরিবর্তন না আসুক। আমরা চাই, মরিচ্চাপ ও বেতনা নদী আবার প্রাণ ফিরে পাক। নদীর বুকে ফিরে আসুক স্বাভাবিক পানিপ্রবাহ, ফিরে আসুক মাছ, সচল হোক জলপথ। উন্নয়নের হিসাব যেন কাগজে নয়, নদীর বুকেই দৃশ্যমান হয়।
জনগণের করের টাকায় নদী খনন হবে, অথচ নদীর প্রাণ ফিরবে না—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নদী খননের সাফল্যের সনদ ঠিকাদার, প্রকৌশলী কিংবা প্রকল্প কর্মকর্তার হাতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। নদীর বাস্তব পরিবর্তনই হবে সাফল্যের প্রকৃত প্রমাণ।
নদী বাঁচলে জনপদ বাঁচবে। তাই মরিচ্চাপ ও বেতনা নদী পুনরুদ্ধারে আর অবহেলা নয়; চাই কার্যকর উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহি।
লেখক: সংবাদকর্মী