বুধহাটা-পাইথালী সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের সিদ্ধান্তের পাঁচ মাসেও শুরু হয়নি কাজ
বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়কটি। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংস্কারের সিদ্ধান্ত হলেও পাঁচ মাস পেরিয়ে এখনো শুরু হয়নি কাজ।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ইট-খোয়া বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও সড়ক দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে গর্তগুলো আড়ালে থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকরা। রিকশা, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ঝুঁকি এড়াতে অনেক চালক মূল সড়ক ছেড়ে গ্রামের বিকল্প পথ ব্যবহার করছেন।
সড়কটির বেহাল অবস্থায় যাতায়াতের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষিপণ্য ও অন্যান্য মালামাল বাজারে পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। রোগী পরিবহনসহ দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। জরাজীর্ণ রাস্তার কারণে অনেকেই বিকল্প পথ ব্যবহার করছেন। এতে যাতায়াতের খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি।
গাড়িচালক ইমন রাজা বলেন, প্রতিদিন দুই-তিনবার এ সড়ক দিয়ে চলাচল করেন তিনি। বিভিন্ন স্থানে গভীর গর্ত ও সড়ক দেবে যাওয়ায় গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় বাধ্য হয়ে বিকল্প পথে যেতে হয়।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে দীর্ঘদিন ধরে সড়কটির দুরবস্থা অব্যাহত রয়েছে। দ্রুত সংস্কার শুরু না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। জনদুর্ভোগ কমাতে সড়কটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ, ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার জানান, বুধহাটা থেকে গাজীরমাঠ বাজার পর্যন্ত ২ হাজার ৫০০ মিটার সড়কের মাপজরিপ সম্পন্ন করে সংস্কারের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, মহিষকুড় ও বাঁশতলা সড়ক এবং আশাশুনি সদরের সোনালী ব্যাংকের সামনের সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে। বুধহাটা-পাইথালী সড়কের কাজও শুরু করা হবে।
তবে কবে নাগাদ সংস্কারকাজ শুরু হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তাঁরা।









