বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা কর্মচারী নিহত
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল বাইপাস সড়কের ভবারবেড় এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম ইব্রাহিম হোসেন (৫০)। তিনি শার্শা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং ইছাপুর দাখিল মাদ্রাসার অফিস সহায়ক। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক ফজলু হক (৪৫) ও ভ্যানচালক আলী কদর (৩৫) গুরুতর আহত হয়েছেন।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, গোগা থেকে মোটরসাইকেলে করে শার্শায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিলবোঝাই একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ইব্রাহিমের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।










