বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের ইউপি চেয়ারম্যান আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতে প্রবেশের সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁর কাছ থেকে প্রয়োজনীয় নথি যাচাই শেষে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মো. হুমায়ুন তালুকদার। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই এলাকার আব্দুর রশিদ তালুকদারের ছেলে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের ‘স্টপলিস্ট’ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।












