ভাঙ্গায় ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের একই পরিবারের চারজনসহ নিহত ৫
অনলাইন ডেস্ক: আজ ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের মালিগ্রামে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত ও দুই শিশু সামান্য আহত হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
আজ ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের মালিগ্রামে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত ও দুই শিশু সামান্য আহত হয়েছে।
নিহতরা হলেন যশোরের ধিকরগাছা এলাকার মালয়েশিয়া প্রবাসী রাকিব হোসেন, তার মা নুরজাহান বেগম, বোন আয়েশা আক্তার, ভাই আরিফ হোসেন এবং প্রাইভেটকার চালক জাহিদ হোসেন।
প্রাইভেটকারের চালক জাহিদ একই জেলার মনিরামপুর উপজেলার গৌরপুর গ্রামের মো. ইসলামের ছেলে।
এ ঘটনায় আহত দুই শিশু আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, ভোরের দিকে ঢাকা থেকে যশোরগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী এবং দুই পুরুষ মারা যান। গুরুতর আহত অবস্থা একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়। প্রাইভেটকারে থাকা দুই শিশু সামান্য আহত হয়েছে।












