ভারতের অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
বিমসটেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম।
মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ বর্তমানে বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের (বিমসটেক) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। সেই ধারাবাহিকতায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম।
ভারতের আয়োজনে ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এ বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ দমন, সহিংস উগ্রবাদ প্রতিরোধ, গোয়েন্দা তথ্য বিনিময়, সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডেও ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত নয়াদিল্লি সফর করছেন। এ সময় তিনি নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত বিমসটেক জোট ২০১৬ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানদের বার্ষিক বৈঠক, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও মহাকাশ নিরাপত্তা নিয়ে পৃথক বিশেষজ্ঞ দল গঠন করা হয়।












