বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:১১ অপরাহ্ণ
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ

সাতক্ষীরার সদর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান পলাতক আসামি মোশাররফ হোসেন আদালতে আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাশ মন্ডলের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায় আসামি। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষে আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী সফিউল ইসলাম সফি।

এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন শিশুটির মা।

গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার একটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মোশাররফ হোসেন (৬০) পলাতক ছিল। অভিযুক্ত ব্যক্তি সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আছিদুর রহমান খান চৌধুরীর ছেলে। সে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের শ্যালক।

স্থানীয় সূত্র ও শিশুটির পরিবারের অভিযোগ, গত শনিবার বিকাল ৩টার দিকে বাড়ির পাশে সমবয়সীদের সঙ্গে খেলতে বের হয়েছিল শিশুটি। বিকাল গড়িয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় তার দাদি ও চাচি খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়ির ছাদ থেকে শিশুটিকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। খাবারের প্রলোভন দেখিয়ে তাকে ওই বাড়ির ছাদে নিয়ে যায় মোশাররফ হোসেন। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়।

স্বজনদের দাবি, ঘটনার পর বিষয়টি প্রকাশ না করতে এবং পুলিশকে না জানাতে স্থানীয় একটি প্রভাবশালী মহল তাদের ওপর চাপ সৃষ্টি করে। এ কারণে তারা প্রথমদিকে ভয়ে শিশুটিকে হাসপাতালে নিতে সাহস পাননি। পরে রবিবার তারা শিশুটিকে যশোরের বাগআঁচড়া এলাকায় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে সদর থানার পুলিশ তৎপর হয়।

মঙ্গলবার সকালে শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়। একই দিন তাকে সাতক্ষীরা আদালতে হাজির করা হলে বিচারিক হাকিম তনিমা মণ্ডলের আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আদালতে তার জবানবন্দি নেওয়া হয়েছিল। অবশেষে আজ আসামি নিজেই আদালতে আত্মসমর্পণ করায় তাকে কারাগারে পাঠানো হলো।

সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। মামলাটি তদন্ত করছেন এসআই শাহারিয়ার।

অন্যদিকে অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ পরীক্ষা করলে ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। শ্যালক অপরাধ করে থাকলে আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষ তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন।

Ads small one

স্টার বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক কন্যা তানহা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
স্টার বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক কন্যা তানহা

সাতক্ষীরায় অনুষ্ঠিত স্টার বৃত্তি উৎসব-২০২৬-এ অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মুবাশশিরা নূর তানহা। সে যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক যশোর বার্তা’ পত্রিকার সহসম্পাদক মোহাম্মদ মুজাহিদ ও মিনাক্ষী সুলতানা দম্পতির কন্যা।

গত ৯ অক্টোবর শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সাতক্ষীরা সরকারি কলেজ মোড়ে অবস্থিত এ কে এম আবু হাসান পরিচালিত ‘স্টার কিডস্ কোচিং সেন্টার’-এর আয়োজনে এই স্টার বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি পরীক্ষায় সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণির সর্বমোট ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে ঘোষিত ফলাফলে মেধা তালিকার ভিত্তিতে ট্যালেন্টপুলে ৫১ জন এবং সাধারণ গ্রেডে ৩৩ জন শিক্ষার্থী সাফল্য অর্জন করে। এদের মধ্যে মুবাশশিরা নূর তানহা বাংলা, ইংরেজি ও গণিতÑএই তিন বিষয়ে ৫০ নম্বরের ওপর অনুষ্ঠিত পরীক্ষায় অত্যন্ত সাফল্যের সঙ্গে ট্যালেন্টপুলে স্থান করে নেয়। প্রেসবিজ্ঞপ্তি

বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য রফিকুল ইসলাম সানা। তিনি প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও সাংবাদিক জি এম আল ফারুক, অধ্যক্ষ মো. বাবলুর রহমান, বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ, বড়দল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজহারুল ইসলাম (আজগর)সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে, যা বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি দিবস উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি দিবস উদযাপিত

আশাশুনি প্রতিনিধি: ‘দৃষ্টি যেখানে সীমাবদ্ধ, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি দিবস উদযাপিত হয়েছে। আশাশুনি বিআরডিবি মিলনায়তনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে র‌্যালি শুরু হয়ে বিআরডিবি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিআরডিবি হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি কর্মকর্তা আবুল কালাম আজাদ ও বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা। সিবিআর অফিসার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় বিশ্ব সাদা ছড়ি দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মিহির কুমার দাশ।

আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে প্রকল্পের এবং আশাশুনি উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচল এবং বিভিন্ন কার্যক্রমে সুযোগ প্রদানের উদ্দেশ্যে বক্তব্য দেন। অনুষ্ঠানে দুজন দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে সাদা ছড়ি প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া সকলের উদ্দেশে ভিডিও চিত্রের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরাও যে কিছু করতে পারে, তা প্রদর্শন করা হয়।