শ্যামনগরে ইজারা নেওয়া জমিতে চাষাবাদে বাধা ও হুমকির অভিযোগ
সংবাদদাতা: শ্যামনগরে সরকারিভাবে ইজারা নেওয়া সম্পত্তিতে চাষাবাদে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী এক কৃষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীপুর গ্রামের মোজ্জামেল মিস্ত্রি কুলটুকরি মৌজায় বিভিন্ন দাগে মোট ৪ একর ৭৬ শতক জমির মধ্যে ৩ একর ৪৮ শতক জমি ১৯৯২ সালে সরকারের কাছ থেকে ইজারা নেন। এরপর থেকে তিনি সেখানে ধান চাষ করে আসছিলেন। সম্প্রতি একই গ্রামের ইস্রাফিল, ওমর আলী, ওসমান, হজরত আলী, হাসান এবং উত্তর সোয়ালিয়া গ্রামের আবদুস জব্বারসহ কয়েকজন দলবদ্ধ হয়ে তাঁর জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকি দেন।
এ ঘটনার পর মোজ্জামেল মিস্ত্রি বাদী হয়ে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন। ভুক্তভোগীর অভিযোগ, মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই প্রতিপক্ষের লোকজন জমি জবরদখলের পাঁয়তারা করছেন। চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেওয়ার পাশাপাশি তাঁকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে। জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জবরদখল ঠেকাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।






