শ্রীউলায় শ্যামাকালী পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন কাজী আলাউদ্দীন
oplus_0
বিএম আলাউদ্দীন, আশাশুনি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বসবাসের সুযোগ রয়েছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এ চেতনায় পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে। শ্যামাকালী পূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন শ্যামাকালী পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
খুলনা মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং শ্রীউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাফিউল ইসলামের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কাজী আলাউদ্দীন বুড়াখারআটি শ্যামাকালী মন্দির ও বয়ারসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন শ্যামাকালী মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাফিউল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকাত হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুই মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরাও সভায় অংশ নেন।












