সম্পাদকীয়/ প্রসঙ্গ: খেলার মাঠ রক্ষা করা জরুরি
সাতক্ষীরার আশাশুনি সদরের ঐতিহ্যবাহী শ্রীকলস ফুটবল মাঠটি (বালুর মাঠ) মরিচ্চাপ নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। গত এক বছর ধরে নদীর স্রোতের আঘাতে মাঠের উত্তর অংশে ভাঙন চলছে এবং ইতোমধ্যে মাঠের প্রায় ৫০ ফুট জায়গা নদীগর্ভে ধসে গেছে। বর্তমানে প্রায় ৭০০ ফুট দৈর্ঘ্য এলাকাজুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে শ্রীকলস গ্রামের একমাত্র খেলাধুলার এই স্থানটি যেকোনো সময় নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে।
একটি অঞ্চলের যুবসমাজকে মাদক, অপরাধ ও মোবাইল ফোনের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে খেলার মাঠের ভূমিকা অপরিসীম। শ্রীকলস মাঠটি দীর্ঘকাল ধরে স্থানীয় কিশোর ও যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। গ্রামীণ জনপদে যেখানে বিনোদনের সুযোগ এমনিতেই সীমিত, সেখানে এমন একটি ঐতিহ্যবাহী মাঠ হারিয়ে গেলে তা স্থানীয় তরুণদের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁধ রক্ষার জন্য গত এক বছর ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
সামনে বর্ষা মৌসুম। নদী তীরবর্তী এলাকার জন্য এই সময়টা আরও বেশি ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে যদি পাইলিং ও জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন রোধ করা না যায়, তবে বর্ষার তীব্র স্রোতে মাঠটি রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। সম্প্রতি আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি, তাঁর এই পরিদর্শন কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
খেলার মাঠটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং জেলা প্রশাসনের সমন্বিত ও দ্রুত পদক্ষেপ জরুরি। কালক্ষেপণ না করে জরুরি ভিত্তিতে এখানে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। গ্রামীণ ঐতিহ্য ও তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় শ্রীকলস ফুটবল মাঠটি রক্ষা করা সময়ের দাবি।












