সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে দুই দেশের সাথে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিশেষ সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এর পাশাপাশি সেনাপ্রধান বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী শিল্প-স্থাপনাগুলো সরজমিনে পরিদর্শন করেন।
এর আগে, গত ২৮ জুন এক সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন সেনাবাহিনী প্রধান।












