সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

সরিয়ে ফেলা হচ্ছে খানজাহান আলীর (রহ.) মাজারের কুমিরকে, নেওয়া হচ্ছে কোথায়?

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
সরিয়ে ফেলা হচ্ছে খানজাহান আলীর (রহ.) মাজারের কুমিরকে, নেওয়া হচ্ছে কোথায়?

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

মাজারে আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মঙ্গলবার (২ জুন) রাত ১০টায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সভা শেষে তিনি জানান, মাজার এলাকায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হবে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, মাজারের দীঘি থেকে কুমিরটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে বুধবার খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসবে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কুমিরটি ধরার কৌশল, স্থানান্তরের সময় এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয় নির্ধারণ করবেন।

এর আগে, সোমবার (১ জুন) রাত ৮টার দিকে মাজার সংলগ্ন দীঘিতে গোসল করতে নেমে সাত বছর বয়সী শিশু ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুমিরটি শিশুটির পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। পরে মঙ্গলবার ভোরে মাজার সংলগ্ন দীঘির মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মর্মান্তিক এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একইসঙ্গে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কুমিরটিকে দ্রুত সরিয়ে নেওয়ার দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের জরুরি সভায় কুমিরটি সুন্দরবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ads small one

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৩০ প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৩০ প্রার্থী

সংবাদদাতা: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ’-এর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শেষ হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরাতন সাতক্ষীরায় সংগঠনের কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের ২১টি পদের বিপরীতে মোট ৩০ জন শিল্পী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সংগঠনের ১০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঊষার নির্বাহী পরিচালক ও উপদেষ্টা মো. শামসুজ্জোহা, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান এবং টিভি নাটক পরিচালক মো. মুছা করিম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২১টি পদের বিপরীতে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে সমঝোতার চেষ্টা চললেও শেষ পর্যন্ত একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেনÑসাবেক সভাপতি ও কৃষি কর্মকর্তা মো. জিয়াউল হক, সিঅ্যান্ডএফ নেতা মো. শাহানুর ইসলাম শাহিন, মো. ফরিদ উদ্দিন মাসউদ, অনুজিৎ কুমার ম-ল, মো. আরিফুজ্জামান আপন, মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, রুহুল আমিন ময়না, শেখ নূরুল আফসার সেলিম, বদরুজ্জামান খোকা, শেখ নূরুল হুদা ফুল, ইব্রাহিম হোসেন, শেখ মনিরুল ইসলাম মনির, প্রভাষক ছন্দা রানী ম-ল, শাম্মী আক্তার কুমকুম, বেলাল হোসেন, কর্ণ বিশ্বাস কেডি, বিল্লাল হোসেন গাজী, হযরত আলী, আল মনির, রাবেয়া বসরি ময়না ও জাহিদ হাসানসহ অন্যান্যরা।
শিল্পীদের এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন প্রক্রিয়ার সার্বিক সহযোগিতায় রয়েছেন সহকারী পরিচালক আসিফুল আলম আসিফ ও এম আলমগীর আলম।

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাপসন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু মরহুমের কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার সুধী ও গুণীজন উপস্থিত ছিলেন। পরে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।
এর আগে, খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদার রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন।

কলারোয়ায় গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন ও শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
কলারোয়ায় গ্রাম আদালতের সচেতনতা ক্যাম্পেইন ও শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে বার্ষিক ক্যাম্পেইন, কুইজ প্রতিযোগিতা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন ইউপি প্রশাসক মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু সাইম, ইউপি সদস্য শাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, নাজমুন নাহার ও ডলি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যকারিতা ও আইনি সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ। আলোচনা শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ২০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে সকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, সর্বসাধারণের দোরগোড়ায় গ্রাম আদালতের তথ্য পৌঁছে দিতে ইতিমধ্যে উপজেলার হেলাতলা, লাঙ্গলঝাড়া, কয়লা ও জালালাবাদ ইউনিয়নে ভিডিও প্রদর্শনী ও বিশেষ ক্যাম্পেইন করা হয়েছে।