মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

সাংবাদিক আব্দুল খালেক আজীজীর প্রয়াণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
সাংবাদিক আব্দুল খালেক আজীজীর প্রয়াণ

খুলনার প্রবীণ সাংবাদিক এবং দৈনিক জনবার্তার সম্পাদক আব্দুল খালেক আজীজী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। গত বছরের ২৪ ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন স্ট্রোক) হওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল খালেক আজীজী সত্তরের দশকে ছাত্রাবস্থায় সাংবাদিকতা ও সাহিত্যে যুক্ত হন। তিনি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহসভাপতি এবং খুলনা প্রেসক্লাবের সাবেক সহসম্পাদক ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দৈনিক সংগ্রাম, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক প্রবাহ ও দৈনিক প্রবর্তনসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। খুলনা প্রেসক্লাবের লাইব্রেরি গড়াতেও তাঁর বিশেষ অবদান ছিল।
গতকাল দুপুরে সোনাডাঙ্গায় প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ। এ ছাড়া খুলনা ও বাগেরহাট অঞ্চলের বিএনপি এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পেশাদার সাংবাদিকতার পাশাপাশি খুলনার সাহিত্য অঙ্গনেও তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তাঁর মৃত্যুতে খুলনার গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Ads small one

পাটকেলঘাটায় কবিগুরু ও জাতীয় কবির প্রয়াণ দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় কবিগুরু ও জাতীয় কবির প্রয়াণ দিবস পালন

পাটকেলঘাটা প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে পাটকেলঘাটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জুনায়েদ আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সভাপতি অধ্যাপক প্রশান্ত কুমার রায়, অধ্যাপক আসাদুল হক আসাদ, সংগীত শিল্পী বিধান কুমার দাশ, শিক্ষক বাবলুর রহমান ও কবি তপন কুমার পাল।
বক্তারা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে দুই কবির রচনা থেকে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।

তালায় ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিয়ে বন্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
তালায় ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিয়ে বন্ধ

তালা প্রতিনিধি: তালা উপজেলার চাঁদকাঠি গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, চাঁদকাঠি গ্রামের এক কিশোরীর সঙ্গে কেশবপুর উপজেলার শান্ত ইসলামের (২৩) বিয়ে ঠিক হয়েছিল। সংবাদ পেয়ে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করেন।
বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে কিশোরীর পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

তালায় শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
তালায় শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ

তালা প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে সাতক্ষীরার তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠাকালীন সদস্য এম এ হাকিম, অভিভাবক সদস্য গাজী আছাদুজ্জামান, অধ্যক্ষ মো. সাইফুল্লাহ, সাংবাদিক বি এম জুলফিকার রায়হান, মো. কামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, সহকারী শিক্ষক পূর্ণিমা রানী নাথ ও গোবিন্দ ঘোষ প্রমুখ। বক্তারা বলেন, ভালো ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। নিয়মিত ক্লাসে উপস্থিতির পাশাপাশি বাড়িতেও অভিভাবকদের মনিটরিং বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।