সাতক্ষীরা সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সীমান্তে পৃথক তিনটি অভিযানে ১২ লাখ ২২ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও আগরবাতি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে) জেলার কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন হিজলদী, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত চৌকির (বিওপি) সদস্যরা গোপন খবরের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
হিজলদী বিওপির একটি দল হিজলদী লিচু বাগান নামক স্থান থেকে ৮৪ হাজার ৯০০ টাকা মূল্যের মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা কেরাগাছি এলাকা থেকে ১০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বড় একটি চালানের যন্ত্রাংশ জব্দ করেন। মাদরা বিওপির সদস্যরা রাজপুর এলাকা থেকে ৮০ হাজার টাকা মূল্যের মোবাইল পার্টস ও আগরবাতি আটক করেন।
বিজিবি কর্মকর্তারা জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ ধরণের অবৈধ আমদানির ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।









