সাবেক ইউপি চেয়ারম্যানের স্মৃতিতে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের কাঁঠালতলা মোড় থেকে নূর ইসলামের বাড়ি পর্যন্ত মরণফাঁদে পরিণত হওয়া রাস্তাটি নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিয়েছেন এক সমাজসেবক। আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আনারুল ইসলামের স্মৃতি ধরে রাখতে তাঁর ছোট ভাই ও আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়ারুল ইসলাম এই উদ্যোগ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই কাঁচা রাস্তাটি বেহাল দশায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে কাদার কারণে রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ত। মালবাহী বা যাত্রীবাহী যানবাহন প্রায়ই উল্টে পাশের পুকুরে পড়ে যেত। এতে প্রতিবছর এলাকার মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হতেন। রাস্তাটি সংস্কারের জন্য কোনো জনপ্রতিনিধি পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ছিল এলাকাবাসীর।
জিয়ারুল ইসলাম জানান, রাস্তাটির কারণে দীর্ঘ বছর ধরে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। অবহেলিত এই এলাকার মানুষের যাতায়াত সহজ করতে এবং তাঁর মরহুম ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে থেকে এভাবে জনকল্যাণমূলক কাজ করে যেতে চান তিনি। রাস্তাটি সংস্কারের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন কয়েক গ্রামের মানুষ।






