সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করল বিজিবি
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি (সীমান্ত ফাঁড়ি) ও চেকপোস্টের টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, হিজলদী, মাদরা ও চান্দুড়িয়া বিওপি এবং বৈকালী চেকপোস্টের সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালান। অভিযানে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ এবং ১০ বোতল মদ জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের বিবরণ দিয়ে বিজিবি জানায়, তলুইগাছা বিওপির দল চৌরঙ্গী মোড় থেকে ৩ লাখ ৬ হাজার ২০০ টাকার মোবাইল যন্ত্রাংশ, কালিয়ানী বিওপির দল নীলকুঠি এলাকা থেকে ৭০ হাজার টাকার ওষুধ এবং কাকডাঙ্গা বিওপির দল কলারোয়ার দখলের মোড় থেকে ১৫…০০০ টাকার ভারতীয় মদ জব্দ করে।
এ ছাড়া মাদরা বিওপি শ্মশানঘাট এলাকা থেকে ৪ লাখ ২০…০০০ টাকা, হিজলদী বিওপি হিজলদী গ্রাম থেকে ১ লাখ ৬০ হাজার ৯০০ টাকা এবং চান্দুড়িয়া বিওপির টহল দল কলারোয়ার কাদপুর এলাকা থেকে ৩ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। সব মিলিয়ে মোট ১৩ লাখ ৪২ হাজার ১০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করছিল। এই ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।






