বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

সীমান্ত পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি আহতদের স্বজনদের

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
সীমান্ত পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি আহতদের স্বজনদের

সংবাদদাতা: গত ৩ জুন অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জখম দুই বাংলাদেশির মধ্যে মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত শাহীনুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কথা বলা হলেও অর্থাভাবে তাঁর পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।
এদিকে ঠিক কোন সীমান্তে বিএসএফ মহিউদ্দিন ও শাহীনুরের ওপর গুলি চালিয়েছিল, তা রোববার পর্যন্ত নিশ্চিত হতে পারেননি তাঁদের পরিবারের সদস্যরা। তবে সীমান্ত অতিক্রমের সময় তাঁদের সঙ্গে থাকা একই গ্রামের মজিবর রহমানের ছেলে শামীম গত বৃহস্পতিবার বাড়ি ফিরে প্রকাশ্যে চলাফেরা করলেও আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। শামীমের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামে।
শনিবার দুপুরে শীতলপুর গ্রামে গিয়ে জানা যায়, অভাবের তাড়নায় ৬-৭ বছর আগে থেকে মহিউদ্দিন (৪২) ভারতীয় টুরিস্ট ভিসায় তামিলনাড়ুতে গিয়ে নির্মাণশ্রমিকের কাজ করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেলে পাঁচ মাস আগে তিনি অবৈধ পথে আবার তামিলনাড়ুতে যান। ঈদে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হওয়ার পর ৩ জুন সকালে স্বজনেরা খবর পান, মহিউদ্দিন ও প্রতিবেশী শাহীনুরকে কে বা কারা মাইক্রোবাসে করে নলতা হাসপাতালের পাশে ফেলে রেখে গেছে।
মহিউদ্দিনের ভাই ইশারত আলী জানান, ২ জুন তাঁর ভাই, প্রতিবেশী শাহীন ও শামীমসহ পাঁচজন একসঙ্গে শিয়ালদহ স্টেশন থেকে হাবড়া স্টেশনে নামেন। সেখান থেকে টোটো ভাড়া করে রাতে বাংলাদেশ সীমান্তে আসেন। বাংলাদেশে আসার জন্য শামীমই দালাল ঠিক করেছিলেন। গভীর রাতে এক দালাল টাকা নিয়ে তাঁদের পাটক্ষেতের মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দিলে গুলি ছুড়তে শুরু করে বিএসএফ। এতে দু’জন গুলিবিদ্ধ হলেও শামীমসহ বাকি তিনজন অক্ষত অবস্থায় চলে আসেন। ইশারত আলীর দাবি, শামীমকে জিজ্ঞাসাবাদ করলেই গুলির নেপথ্য কারণ ও নির্দিষ্ট সীমান্তের নাম জানা সম্ভব হতো।
একই গ্রামের শাহীনুরের (২৮) বাড়িতে গিয়ে জানা গেছে, তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি শ্যামনগরের ট্যাংরাখালিতে গেছেন। শাহীনুরের ভাই ফারুক হোসেন মুঠোফোনে জানান, শাহীনুরও এক বছর আগে অবৈধ পথে তামিলনাড়ু গিয়েছিলেন। শামীম অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেও পুলিশ কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ফারুকের অভিযোগ, শামীমের শ্বশুর কামরুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালান।
শামীমের শাশুড়ি ঝর্ণা খাতুন জানান, বিএসএফ দেখে উল্টো দৌড় দেওয়ায় পাটক্ষেতে পড়ে শামীমের দুই হাঁটু জখম হয়েছে। চিকিৎসার জন্য তিনি সাতক্ষীরায় ডাক্তারের কাছে গেছেন। তবে শামীমের শ্বশুর কামরুল ইসলাম দাবি করেন, বিজিবি সদস্যদের মোটরসাইকেলে বহনের সূত্রে তিনি জানতে পেরেছেন যে সদর উপজেলার কুশখালির নিকটবর্তী কালিয়ানি-ছয়ঘরিয়ার বিপরীতে কৈজুড়ি-বাঁকড়া সীমান্ত দিয়ে তাঁরা দেশে ফিরতে চেয়েছিলেন। সেখানেই বিএসএফ গুলি চালিয়ে থাকতে পারে।
এ বিষয়ে গত বুধবার সাতক্ষীরা নীলডুমুর-১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাজীব শাহারিয়ার এবং সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান চৌধুরী বিএসএফের গুলিতে দু’জনের জখম হওয়ার সত্যতা নিশ্চিত করেছিলেন।

Ads small one

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলুসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী প্রাথমিক শিক্ষা পদক বিতরণ ও প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির মূল উদ্বোধনী অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতে ‘জলবায়ু শিক্ষা বিনিময় পরিদর্শন সিরিজ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের ইটাগাছা পশ্চিমপাড়ার জলমগ্ন এলাকায় এই কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেড’-এর উদ্যোগে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রজেক্ট’-এর আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’ ও ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’।
ইটাগাছা পশ্চিমপাড়ার জলমগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ বাসিন্দা ফেরদৌসী আরা ময়না। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নূর খান বাবুল। তিনি বলেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব ও প্রাকৃতিক জলাধার ভরাটের কারণে ইটাগাছাসহ বিস্তীর্ণ এলাকা আজ জলমগ্ন। এ সময় তিনি দ্রুত জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবি পেশ করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে: বৈজ্ঞানিক পদ্ধতি মেনে পরিকল্পিত মাছ চাষ নিশ্চিত করা। জলবায়ু ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। ইটাগাছা পশ্চিমপাড়াসহ সব নি¤œাঞ্চলে টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। প্রাকৃতিক জলাশয় সংস্কার ও অবৈধ দখলমুক্ত করা। কমিউনিটি ভিত্তিক জলবায়ু অভিযোজন কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা শরীফা ও রওশন আরা বলেন, বছরের পর বছর জলাবদ্ধতার কারণে বসতবাড়িতে পানি উঠে স্যানিটেশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে।
এর আগে সকালে শহরের কাটিয়া এলাকায় হেডের প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন বলেন, তরুণ প্রজন্ম ও স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই অভিযোজন কৌশল তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য। সভায় সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংস্থার ইয়ুথ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শ্যামনগরে তিন বেকারিতে জরিমানা, একটির উৎপাদন বন্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
শ্যামনগরে তিন বেকারিতে জরিমানা, একটির উৎপাদন বন্ধ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে তিনটি বেকারিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি বেকারির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্যামনগর সদর ও নূরনগর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান কনক।
আদালত সূত্র জানায়, অভিযানকালে শ্যামনগর বাজারের নিউ সুন্দরবন বেকারিকে ১০ হাজার টাকা, রয়্যাল ফুডস বেকারিকে ১০ হাজার টাকা এবং নূরনগর বাজারের সোনার বাংলা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রয়্যাল ফুডস ও সোনার বাংলা বেকারিতে সংরক্ষিত বিপুল পরিমাণ নি¤œমানের ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোনার বাংলা বেকারির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।