রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ শৈশব, মজবুত ভবিষ্যৎ: বিশ্ব শিশু হাড় ও জোড় দিবস এবং আমাদের করণীয়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
সুস্থ শৈশব, মজবুত ভবিষ্যৎ: বিশ্ব শিশু হাড় ও জোড় দিবস এবং আমাদের করণীয়

সাকিবুর রহমান বাবলা
শিশুদের প্রাণোচ্ছল হাসি, দৌড়ঝাঁপ আর খেলাধুলাই একটি সুস্থ সমাজের সবচেয়ে সুন্দর চিত্র। কিন্তু তাদের হাড়, জোড় ও পেশির স্বাস্থ্য সুরক্ষায় আমরা কতটা সচেতন? আধুনিক যান্ত্রিক জীবনযাপন, অতিরিক্ত স্ক্রিন টাইম, শারীরিক নিষ্ক্রিয়তা ও অপরিকল্পিত খাদ্যাভ্যাস শিশুদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। জন্মগত ত্রুটি, পুষ্টির ঘাটতি ও খেলাধুলাজনিত আঘাতও তাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। এসব বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১৯ অক্টোবর পালিত হয় বিশ্ব শিশু হাড় ও জোড় দিবস।
যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস বোন অ্যান্ড জয়েন্ট ইনিশিয়েটিভের পেডিয়াট্রিক স্পেশাল্টি গ্রুপ ২০১২ সালের ১৯ অক্টোবর প্রথমবারের মতো দিবসটি পালন করে। শিশুদের হাড় ও পেশি-কঙ্কালতন্ত্রের সুস্থতা, রোগ প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই এর অন্যতম উদ্দেশ্য। ১২ থেকে ২০ অক্টোবর পর্যন্ত পালিত বোন অ্যান্ড জয়েন্ট অ্যাকশন উইকের অংশ হিসেবে দিবসটি শিশুদের হাড়ের স্বাস্থ্য নিয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন হওয়ার আহ্বান জানায়।
শিশুদের হাড় প্রাপ্তবয়স্কদের হাড়ের মতো স্থির নয়; বৃদ্ধি ও পুনর্গঠনের মধ্য দিয়ে এগুলো ক্রমাগত পরিবর্তিত হয়। হাড়ের প্রান্তে থাকা গ্রোথ প্লেট বা বৃদ্ধিফলক হাড়ের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে। সেখানে আঘাত লাগলে কখনো কখনো স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। শৈশব ও কৈশোরে পুষ্টি, ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন হাড়ের সর্বোচ্চ ভর বা পিক বোন মাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর প্রভাব ভবিষ্যতের হাড়ের শক্তি ও ভঙ্গুরতার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।
শিশুদের হাড় ও জোড়ের সমস্যার মধ্যে ক্লাবফুট, ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অব দ্য হিপ, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, স্কেলিটাল ডিসপ্লাসিয়া ও অ্যাকন্ড্রোপ্লাসিয়া উল্লেখযোগ্য। ক্লাবফুটে শিশুর পা ভেতরের দিকে বাঁকা থাকে; পনসেটি পদ্ধতি, কাস্টিং ও ব্রেসের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই সংশোধন সম্ভব। ডিডিএইচ-তে নিতম্বের জোড়ের বিকাশ ব্যাহত হয়। অস্টিওজেনেসিস ইমপারফেক্টায় জিনগত কারণে হাড় ভঙ্গুর হয়, আর অ্যাকন্ড্রোপ্লাসিয়ায় হাড়ের বৃদ্ধির বিশেষ ধরন শরীরের গঠনে প্রভাব ফেলে।
শিশুদেরও জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হতে পারে। এতে জোড়ে ব্যথা, ফোলা ও শক্ত হয়ে যাওয়া দেখা দেয়। ভিটামিন ডি, ক্যালসিয়াম বা ফসফরাসের ঘাটতি কিংবা বিপাকীয় সমস্যায় রিকেটস হতে পারে, যার ফলে হাড় নরম ও পা বাঁকা হয়ে যেতে পারে। ব্লাউন্ট ডিজিজে হাঁটুর কাছের হাড়ের বৃদ্ধির অস্বাভাবিকতায় পা ধনুকের মতো বাঁকা হয়। এ ছাড়া স্কোলিওসিস, হাড় ভাঙা এবং খেলাধুলাজনিত আঘাতও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
হাড় মজবুত রাখতে শিশুর খাদ্যতালিকায় দুধ, দই, পনির, ছোট মাছ, সবুজ শাকসবজি, ডাল, বাদাম ও অন্যান্য পুষ্টিকর খাবার থাকা দরকার। ক্যালসিয়াম ও ফসফরাস হাড় গঠনে এবং ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। ডিমের কুসুম ও তৈলাক্ত মাছ ভিটামিন ডির উৎস। সূর্যালোকের প্রভাবেও শরীরে ভিটামিন ডি তৈরি হয়; সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যবর্তী সময়ের মৃদু রোদ ভিটামিন ডি সংশ্লেষে সবচেয়ে বেশি কার্যকর, তবে সবার জন্য নির্দিষ্ট ১০ বা ১৫ মিনিট রোদে থাকাই যথেষ্ট—এমন নিশ্চয়তা নেই। পুষ্টির ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।
নিয়মিত হাঁটা, দৌড়ানো, লাফানো, সাইকেল চালানো এবং বয়সোপযোগী খেলাধুলা হাড় ও পেশির বিকাশে সহায়ক। গবেষণায় দেখা গেছে, ওজন বহনকারী ব্যায়াম শিশুদের হাড়ের খনিজ ঘনত্ব বাড়াতে ভূমিকা রাখতে পারে। বিপরীতে দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসে থাকা শারীরিক সক্রিয়তা কমিয়ে দেয়। তাই পড়াশোনার মাঝে বিরতি, স্বাভাবিক অঙ্গবিন্যাস, উপযুক্ত স্কুলব্যাগ ও আরামদায়ক জুতা নিশ্চিত করা উচিত। গবেষকদের পরামর্শ-স্কুলব্যাগের ওজন শিশুর শরীরের মোট ওজনের ১০-১৫%-এর বেশি হওয়া উচিত নয়। খেলাধুলায় হেলমেটসহ প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার এবং পর্যাপ্ত বিশ্রামও জরুরি।
শিশু হঠাৎ খুঁড়িয়ে হাঁটলে, পায়ে ভর দিতে না পারলে, জোড়ে তীব্র ব্যথা ও ফোলার সঙ্গে জ্বর হলে কিংবা অঙ্গের অস্বাভাবিক বিকৃতি দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। এসব লক্ষণ সেপটিক আর্থ্রাইটিসের মতো গুরুতর সংক্রমণ নির্দেশ করতে পারে। রাতে বারবার ব্যথায় ঘুম ভাঙা, দীর্ঘস্থায়ী ব্যথা বা সামান্য আঘাতে বারবার হাড় ভেঙে যাওয়াও অবহেলা করা উচিত নয়। প্রয়োজনে শিশু অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ জরুরি।
চিকিৎসা গবেষণায় বোন মিনারেল ডেনসিটি, শিশুদের সংক্রমণ শনাক্তকরণ, জিনগত রোগ এবং স্থূলতার প্রভাব বিশেষ গুরুত্ব পাচ্ছে। চঈজ-ভিত্তিক পরীক্ষা কিছু সংক্রমণের জীবাণু শনাক্ত করতে সহায়তা করে, যদিও চিকিৎসা নির্ধারণে অন্যান্য পরীক্ষাও প্রয়োজন হতে পারে। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা ও অ্যাকন্ড্রোপ্লাসিয়ার জিনগত কারণ এবং স্টেম সেল থেরাপির সম্ভাবনা নিয়েও গবেষণা চলছে; তবে সব নতুন পদ্ধতি এখনো প্রতিষ্ঠিত চিকিৎসা নয়।
বাংলাদেশে বিদ্যালয়ভিত্তিক স্বাস্থ্যশিক্ষা, পুষ্টিসচেতনতা, নিরাপদ খেলাধুলা এবং সহজলভ্য শিশুস্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। অভিভাবকদের উচিত শিশুর বৃদ্ধি, হাঁটাচলা ও শারীরিক সক্ষমতার পরিবর্তনে নজর রাখা এবং সমস্যা দেখা দিলে চিকিৎসা নিতে দেরি না করা। শিশুর শরীরের গঠন নিয়ে নেতিবাচক মন্তব্য না করে তার আত্মবিশ্বাস ও সুস্থ বিকাশকে গুরুত্ব দিতে হবে। কারণ, আজকের সুস্থ শৈশবই আগামী দিনের মজবুত ভবিষ্যৎ।

Ads small one

সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: আমন ধানের বাম্পার ফলন ও কৃষকের নায্যমূল্য প্রাপ্তি

সাতক্ষীরার বিস্তীর্ণ জনপদে এখন সোনালি ধানের হাসিমুখ। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের নিবিড় পরিচর্যা ও পরামর্শে চলতি মৌসুমে উপকূলীয় এই জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। একদিকে মাঠজুড়ে সোনালি ফসলের সমারোহ এবং কৃষকের ঘরে নতুন ধান তোলার ব্যস্ততা আনন্দদায়ক হলেও অন্যদিকে বাজারে ধানের কাক্সিক্ষত দাম না পাওয়ায় কৃষকদের মুখে নেমে এসেছে উদ্বেগের ছায়া। একদিকে উৎপাদন খরচের ঊর্ধ্বগতি, অন্যদিকে তুলনামূলক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়াÑএই দুইয়ের যাঁতাকলে পড়ে দেশের অন্ন জোগানদাতা কৃষকরা আজ বড় বিপাকে পড়েছেন।

চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯০ হাজার ১৬০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের এই বাম্পার ফলন প্রমাণ করে যে এ অঞ্চলের কৃষকদের শ্রম ও নিষ্ঠার কোনো কমতি নেই। তবে এই সাফল্যের পেছনেও রয়েছে কিছু কাঠামোগত চ্যালেঞ্জ। বিশেষ করে কৃত্রিম জলাবদ্ধতার কারণে জেলার বিভিন্ন উপজেলার অন্তত ১ হাজার ৭০২ হেক্টর জমি অনাবাদি থেকে গেছে। বছরের পর বছর জলাবদ্ধতা নিষ্কাশনের টেকসই ব্যবস্থা না থাকায় শত শত হেক্টর উর্বর কৃষিজমি চাষের বাইরে থেকে যাচ্ছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় অশনিসংকেত। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে কৃষির এই অর্জন হুমকির মুখে পড়তে পারে।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রাপ্তি। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারে প্রতি মণ মোটা ধান ১ হাজার টাকা এবং চিকন ধান ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বর্তমান বাজারে সার, বীজ, কীটনাশক, সেচ ও কৃষি শ্রমিকের মজুরিসহ সব উপাদানের দাম বহুগুণ বেড়েছে। অনেক কৃষক চড়া সুদে ঋণ নিয়ে কিংবা জমি ইজারা নিয়ে চাষাবাদ করেছেন। বর্তমান বাজারদরে ধান বিক্রি করলে শুধু লাভের মুখ দেখাই নয়, বরং উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের। কৃষকের এই আর্থিক হতাশা দীর্ঘস্থায়ী হলে তা আগামী বোরো বা পরবর্তী মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু কেবল ফলন বৃদ্ধিই যথেচ্ছ নয়; বরং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা রাষ্ট্রের সর্বাগ্রে দায়িত্ব। ধান উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কৃষকরা যদি তাঁদের পরিশ্রমের সঠিক মূল্য না পান, তবে কৃষিকাজ থেকে তাঁদের আগ্রহ কমে যাওয়ার শঙ্কা থাকে।

এমতাবস্থায়, কৃষকদের রক্ষায় সরকারের পক্ষ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের প্রক্রিয়া আরও গতিশীল ও স্বচ্ছ করা প্রয়োজন। প্রান্তিক ও প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরাসরি তাঁদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় নিশ্চিত করতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটতে না পারে। একই সঙ্গে সাতক্ষীরার জলাবদ্ধতা কবলিত ১ হাজার ৭০২ হেক্টর জমি দ্রুত চাষের উপযোগী করতে স্থায়ী নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্নদাতাদের মুখে স্থায়ী হাসি ফোটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা টেকসই রাখতে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি কৃষি ভর্তুকি ও প্রণোদনা আরও কার্যকর করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

 

 

 

আশাশুনিতে পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
আশাশুনিতে পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পৃথক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বেউলা গ্রামের আমানুর হোসেনের ছেলে ইমন হোসেন, মুন্না শেখের ছেলে রিয়াদ হোসেন ওরফে আতিক এবং কুলতিয়া গ্রামের অজিত ঘোষের ছেলে ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের সাতক্ষীরার আদালতে পাঠানো হয়।

শার্শায় খাটের নিচে ৯৯ বোতল কফ সিরাপ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
শার্শায় খাটের নিচে ৯৯ বোতল কফ সিরাপ, আটক ১

 

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফয়সাল আহমেদ ইমন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর বাবা শাহাজান কবির পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শার্শা থানা পুলিশ। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের শাহজাহান সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করে তাঁর বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল উইনসেরেক্স ও ২০ বোতল ইস্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ইমনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক শাহাজান কবিরকে আটকের চেষ্টা চলছে।