শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

স্বর্ণের দামে বড় পতন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
স্বর্ণের দামে বড় পতন

 

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। এ দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

কোন মানের স্বর্ণের দাম কত

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে।

৯ সেপ্টেম্বর নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

অলংকারের ক্ষেত্রে যেসব নিয়ম

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া পুরোনো অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে এক্সচেঞ্জের সময় ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

Ads small one

সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

নিজস্ব প্রতিনিধি: বাড়ির আঙিনা থেকে ছাদ, কোথাও জমে থাকা পানি আছে কি না, তা দেখছেন স্বেচ্ছাসেবকেরা। সাতক্ষীরায় ডেঙ্গর সংক্রমণ বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসে বাড়ি বাড়ি সচেতনতা কার্যক্রম চালাচ্ছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের সুলতানপুর, কামালনগর, মুনজিতপুরসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যান তারা। বাসিন্দাদের সঙ্গে কথা বলে বাড়ির আশপাশে পানি জমে আছে কি না, ফুলের টব, বালতি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার কিংবা অন্য কোনো জায়গায় এডিস মশার প্রজননের সুযোগ আছে কি না, তা দেখার বিষয়ে সচেতন করা হয়।

স্বেচ্ছাসেবকেরা বাসিন্দাদের বলেন, ডেঙ্গণ প্রতিরোধের বড় একটি কাজ শুরু করতে হবে নিজের বাড়ি থেকেই। বৃষ্টির পর কোথাও পানি জমে থাকলে তা দ্রুত ফেলে দিতে হবে। যেসব পাত্রে পানি রাখা হয়, সেগুলো ঢেকে রাখতে হবে। ছাদ, বারান্দা, বাড়ির আঙিনা ও আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই হবে না, আশপাশের জায়গাগুলোর দিকেও নজর দিতে হবে। কোথাও পানি জমে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো, নালা-নর্দমা পরিষ্কার রাখা এবং পরিত্যক্ত পাত্র বা আবর্জনা যেখানে-সেখানে না ফেলার বিষয়েও সচেতন করা হচ্ছে।

ভিবিডি সাতক্ষীরার সভাপতি এস এম সাজেদুল ইসলাম বলেন, ডেঙ্গণ প্রতিরোধে মানুষের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেক পরিবার যদি নিজেদের বাড়ি ও আশপাশে পানি জমতে না দেয় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে, তাহলে সংক্রমণ কমাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতেই তাঁরা মাঠপর্যায়ে কাজ করছেন।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন বলেন, ডেঙ্গণ প্রতিরোধ শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা সংগঠনের দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। বৃষ্টির পর বাড়ির আশপাশে পানি জমেছে কি না, নিয়মিত দেখতে হবে এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য ভিবিডির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কারও জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা বা ডেঙ্গণর অন্য কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে রোগী হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে আগে থেকেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা ডিভিশন বোর্ডের কমিউনিকেশন সেক্রেটারি ইব্রাহিম খলিল, সাতক্ষীরা ডিস্ট্রিক্টের হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম, ট্রেজারার নাজমুল হাসান, সদর উপজেলা কমিটির করিমুন্নেসা শান্তা, কমিটি মেম্বার গোলাম হোসেন, তানভীর আঞ্জুম খান, সামির চৌধুরী, শিশু সদস্য ফালাকসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকেরা।

সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে ডেঙ্গণর বিস্তার রোধ করতে এমন বার্তা নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে ভিবিডি সাতক্ষীরা।

 

বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে জেলা বিএসপির বর্ধিত সভা শুক্রবার সকাল ১০ টায় সদস্য তপন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

 

সভা পবিত্র গীতা পাঠ দিয়ে শুরু হয়। কারাবন্দি চিন্ময় প্রভুর মাতা সন্ধ্যা রানী ধর বৃহস্পতিবার মারা যাওয়ায় তারসহ সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত সনাতনীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকল উপজেলা কমিটি গঠণ করে কিভাবে জেলা কমিটিকে শক্তিশালী করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরের জমি উদ্ধার, জবরদখলমুক্তকরণ, জোড়া শিবমন্দিরের ৬৬ বিঘা জমি উদ্ধার, ঝাউডাঙা জগন্নাথদেবের মন্দিরের জায়গা উদ্ধার, দেবহাটার পাইকপাড়ার রাধা গোবিন্দ মন্দিরের জমি উদ্ধার, সদস্য সমীরণ চক্রবর্তী, চম্পাফুলের মাধবী মন্ডলের জবরদখলকৃত জমিসহ জেলা জুড়ে হিন্দু সম্প্রদায়ের জবরদখলকৃত জমি প্রশাসনের সহযোগিতায় ও আইনি প্রক্রিয়ায় কিভাবে উদ্ধার করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

আসন্ন দুর্গা পুজা উপলক্ষে করণীয়, হিন্দু নির্যাতন প্রতিরোধে করণীয়, ধর্মান্তর প্রতিরোধে করণীয় সম্পর্কে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া সংগঠন মজবুত করতে সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএসপির জেলা কমিটির সদস্য মিহির কান্তি সরকার, পরিতোষ কুমার গাইন,প্রতিমা রানী হালদার, সমীর কুমার দাস, প্রশান্ত কুমার পাল, ধীমান সরকার, প্রশান্ত সরকার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএসপির সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচীব মনোদ্বীপ কুমার মন্ডল।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন পৌর দীঘিতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনকল্যাণমূলক ও জনগণের সরাসরি উপকারে আসে-এমন সব কর্মসূচি পছন্দ করেন এবং তা বাস্তবায়নের দিকনির্দেশনা দেন। সেই লক্ষ্যে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতেই আজকের এই মৎস্য পোনা অবমুক্তকরণ উদ্যোগ।” তিনি আশা প্রকাশ করে আরও বলেন, এই উদ্যোগ থেকে অনুপ্রেরণা নিয়ে সারা দেশের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অনুরূপ জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করবেন।