হাইকোর্টের আদেশে ফিরে বরখাস্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা
নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ফেরার পরদিনই প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর দাপ্তরিক কক্ষে নতুন তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কার নির্দেশে এ তালা পরিবর্তন করা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
জানা গেছে, বিভিন্ন অভিযোগে গত ১৬ আগস্ট আব্দুল মালেক গাজীকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে রিট করলে গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন। আদেশের কপি নিয়ে গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে ফিরে দাপ্তরিক কাজ শুরু করেন প্রধান শিক্ষক। তবে পরদিন বুধবার সকালে এসে তিনি নিজের কক্ষ তালাবদ্ধ দেখতে পান।
প্রধান শিক্ষক মালেক গাজীর অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁর কক্ষের তালা পরিবর্তন করা হয় এবং ভেতরের গুরুত্বপূর্ণ নথিপত্র দেখার সুযোগ বন্ধ করে দেওয়া হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম জানান, পরিচালনা কমিটির সভাপতির পরামর্শে নাইট গার্ডকে সঙ্গে নিয়ে রাতের বেলা তালা পরিবর্তন করা হয়েছে। যদিও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ্ কামরুজ্জামান তালা লাগানোর কথা অস্বীকার করে জানান, হাইকোর্টের কোনো আদেশের কপি এখনো তাঁর হাতে পৌঁছায়নি। সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর জানান, প্রধান শিক্ষকের পদ পুনর্বহালের বিষয়ে একটি চিঠি পাওয়া গেছে, তবে রাতে তালা পরিবর্তনের ঘটনা অনুচিত।









