হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতার সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধুর বহুদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা গেছে, পাটকেলঘাটা শাকদাহ মৌজায় চার শতক জমি ১৯৯২ সাল থেকে বিশ্বজিৎ সাধু ভোগদখল করে আসছেন। সম্পত্তির নিরাপত্তা চেয়ে আদালতে ১৪৫ ধারায় আবেদন করা হলে গত ৮ জুলাই আদালত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাটকেলঘাটা থানাকে নির্দেশ দেন। তবে অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ অমান্য করে গত ২৬ আগস্ট সকালে রকিব সরদার ও শেখ আজিজুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল ওই সম্পত্তিতে রাখা বালু ছড়িয়ে দিয়ে দখলের চেষ্টা চালায়।
আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের এ চেষ্টার তীব্র নিন্দা ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের জেলা সভাপতিম-লীর সদস্য সুধাংশু শেখর সরকার, জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, খ্রিস্টান অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি স্বপন বৈরাগী, সদর উপজেলা কমিটির সভাপতি নিত্যানন্দ আমিন, সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ, জেলা সাংগঠনিক সম্পাদক অসীম দাশ সোনা, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত ঘোষ ও জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি









