২০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা: আইয়ুব হোসেন ছিলেন খুলনার সাংবাদিক জগতের দিকপাল
দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার প্রতিথযশা সাংবাদিক সর্বজন শ্রদ্ধেয় আইয়ুব হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, আইয়ুব হোসেন ছিলেন খুলনায় সাংবাদিক জগতের দিকপাল। তিনি একজন সৎ, নির্ভীক, সাহসী ও আদর্শিক সাংবাদিক ছিলেন। তার আদর্শ ধারণ করে সাংবাদিকতার নৈতিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে।
আজ বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
আলোচনা সভায় সাংবাদিক আইয়ুব হোসেনের সহকর্মী সিনিয়র ও বর্তমান প্রজম্মের সাংবাদিকরা স্মৃতিচারণ করেন।
বক্তারা বলেন, সাংবাদিক আইয়ুব হোসেন তরুণ সাংবাদিকদের উদ্দেশে বলতেন, ‘একজন প্রকৃত সাংবাদিকের কোনো বন্ধৃ নেই’, সাংবাদিকতার ক্ষেত্রে দলমত ঊর্ধ্বে থেকে নিজের পেশাটাকেই গুরুত্ব দিতে হবে। কাজেই বর্তমান প্রজম্মকে এই বিষয়টিকে মাথায় রেখে সাংবাদিকতা পেশাটাকে মূল্যবোধের জায়গায় নিয়ে যেতে হবে।
বক্তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে সাংবাদিক আইয়ুব হোসেনের ভূমিকা ছিল অপরিসীম। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করতেন। কীর্তিমান ও প্রতিথযশা এই সাংবাদিক তার কর্মের মধ্যে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদের সভাপতি হাসান আহমেদ মোল্লার সভাপতিত্বে এবং খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মহেন্দ্রনাথ সেনের পরিচালনায় বক্তৃতা করেন, খুলনা সাংবাদিক জগতের আরেক দিকপাল বীর মুক্তিযোদ্ধা ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও মরহুম আইয়ুব হোসেনের ছেলে এনামুল হক, বর্তমান সভাপতি মোস্তফা সরওয়ার, সিনিয়র সাংবাদিক ও এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুন্সী আবু তৈয়ব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, সিনিয়র সাংবাদিক মো. শাহআলম, রাশিদুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, কাজী শামিম আহমেদ, জিয়াউস সাদাত, সরদার আবু তাহের, মোহাম্মাদ নুরুজ্জামান, শুভ্র শচীন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাংবাদিক সোহেল মাহমুদ, আব্দুর রাজ্জাক রানা, রিতা রানী, দিলিপ বর্মন, আল মামুন প্রিন্সসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রয়াত আইয়ুব হোসেনে স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে মরহুম আইয়ুব হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ানুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সাংবাদিক আইয়ুব হোসেন দুরারোগ্যব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৬ সালের ১৩ মে মৃত্যুবরণ করেন। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি









