পাইকগাছায় শ্বশুরবাড়িতে এসে ছিনতাইয়ের চেষ্টাকালে যুবক আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় হাসপাতাল মোড়ের একটি ডায়াগনস্টিক সেন্টারে ছিনতাইয়ের চেষ্টাকালে সুমন শেখ (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে হাসপাতাল মোড়ের মুন ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
আটক সুমন শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ বাইন তাঁর অসুস্থ ভাইকে ডাক্তার দেখাতে ওই ডায়াগনস্টিক সেন্টারের কাউন্টারে অপেক্ষা করছিলেন। এ সময় সুমন শেখ কৌশলে তাঁর পাশে বসে পকেট থেকে ৪ হাজার টাকা হাতানোর চেষ্টা করেন। টের পেয়ে বিষ্ণুপদ চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে সুমনকে আটক করে।
পরে সুমনের দেহ তল্লাশি করে একটি চুরির মোবাইল ফোনও উদ্ধার করা হয়, যা কিছু সময় আগে হাসপাতাল থেকে চুরি হয়েছিল বলে অন্য এক ভুক্তভোগী শনাক্ত করেন। খবর পেয়ে পাইকগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবককে তাদের হেফাজতে নেয়।









