বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

সোনার গহনা বানাতে খরচ কমবে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
সোনার গহনা বানাতে খরচ কমবে

দেশে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়। তবে নতুন বাজেট প্রস্তাবে এই পদ্ধতি পরিবর্তন করে প্রতি ভরি সোনার ওপর নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, স্বর্ণালংকারের দাম কমাতে প্রতি ভরি সোনার ওপর নির্ধারিত ভ্যাট নেওয়া হবে। পাশাপাশি স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫ শতাংশ করারও প্রস্তাব রাখা হয়েছে।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। নতুন ব্যবস্থায় এর ওপর ভ্যাট হবে ২ হাজার ৫০০ টাকা। অথচ বিদ্যমান ৫ শতাংশ হারে ভ্যাট হিসাব করলে করের পরিমাণ ১০ হাজার টাকারও বেশি হতো।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রস্তাব কার্যকর হলে সোনার গয়না তৈরির ও বিক্রয়ের খরচ কমবে, যা ভোক্তাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Ads small one

কলারোয়া সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
কলারোয়া সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১১ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, তলুইগাছা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার শালবাগান ও আমবাগান এলাকা থেকে ১০ লাখ ৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া থানার কেড়াগাছি এলাকা থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং মাদরা বিওপির দল ভাদিয়ালী এলাকা থেকে ৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ আটক করে।
অভিযানে সর্বমোট ১৮ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। রাজস্ব ফাঁকি রোধ ও দেশীয় শিল্পের সুরক্ষায় বিজিবির এই সীমান্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংবাদদাতা: দেশব্যাপী নৈরাজ্য, অপরাজনীতি ও উস্কানিমূলক কর্মকা-ের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন।
সমাবেশে অন্য বক্তারা দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতির তীব্র নিন্দা জানান এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, রতনপুর বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ (স্কোপ) প্রকল্পের আওতায় নেটওয়ার্ক সদস্যদের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শাহপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুননাহার আশার সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন দাতাসংস্থা ‘বিএফডব্লিউ’র দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ব্যবস্থাপক কাজী আব্দুল কাদির। জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্ক কমিটির সহসভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, রূপালীর পরিচালক শফিকুল ইসলাম ও নারী উন্নয়ন সংস্থার গুলশান আরা।
সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে বিগত দিনের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বিরাম কুমার ঘোষ। পরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।