সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের সভা ও সাহিত্য আড্ডা
সংবাদদাতা: তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রান্তিক যুব সংঘের জুন মাসের মাসিক সভা ও বিশ্বসাহিত্য কেন্দ্রের নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডলের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির ইনচার্জ মো. আতিকুজ্জামান ও একশনএইড বাংলাদেশের প্রতিনিধি মো. নয়ন খান। সভার শুরুতে গত এক মাসের কার্যক্রম পর্যালোচনা এবং জলাবদ্ধতা নিরসনসহ নানা সামাজিক সমস্যা সমাধানে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সভায় শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল-নালা পরিষ্কার রাখা এবং সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়। সভা শেষে সাহিত্য আড্ডায় বইপাঠের গুরুত্ব ও ব্যক্তিত্ব বিকাশে পাঠাভ্যাসের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।









