সাতক্ষীরায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
মো. সিরাজুল ইসলাম: সাতক্ষীরায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে আশাশুনি উপজেলার খলিসানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিকা সরকার ওই গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (০৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে লতিকা সরকার ঘরের ফ্যানের সুইচ অন করতে যান। এ সময় ঘরের বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকায় তিনি প্রচন্ডভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সযোগে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন।
বিকেল ৪টা ২০ মিনিটে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অঞ্জন কুমার চক্রবর্তী পরীক্ষা-নিরীক্ষা শেষে লতিকা সরকারকে মৃত ঘোষণা করেন।
ডাঃ অঞ্জন কুমার চক্রবর্তী জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার তীব্র আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত নোটিশ বা প্রতিবেদন পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








