বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ
এসএম বিপ্লব হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিবন্ধিত সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা দলীয় নেতৃত্বের প্রতি দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং আইনজীবীদের পেশাগত অধিকার রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয়ভাবে ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সাতক্ষীরা জেলা ইউনিট অন্যতম সক্রিয় ইউনিট হিসেবে কাজ করে আসছে বলেও তারা দাবি করেন।
আরও বলেন, বর্তমান জেলা আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করতে ধারাবাহিকভাবে কাজ করছে। দেশের বিভিন্ন জেলায় আইনজীবীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নেও সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে দ্রুত বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তাদের ভাষ্য, এ স্বীকৃতি পেলে আইনজীবীরা আরও সুসংগঠিতভাবে দলীয় কার্যক্রম পরিচালনা এবং গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। কারও বিরুদ্ধে অর্থ আদায়, অনিয়ম বা সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানান তারা। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন।
তারা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মতপার্থক্য বা সাংগঠনিক বিরোধ থাকলে তা সংগঠনের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। ব্যক্তিগত বা প্রকাশ্যে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু সাইদ রাজা, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট জি. এম. ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন শাওন, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট রেজওয়ান আলী, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শাহানা ইমরুজ, অ্যাডভোকেট আয়ুব আলী, অ্যাডভোকেট ইয়াছিন হাবিব, অ্যাডভোকেট জামাল উদ্দীন, অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিম, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট আলামিন আলম, অ্যাডভোকেট শেখ হেলালুজ্জামান হেলাল, অ্যাডভোকেট বখতিয়ার, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপুসহ সংগঠনের নেতৃবৃন্দ।








