ফজরের নামাজে যাওয়ার পথে ইমামের ওপর হামলা, মোটরসাইকেল ছিনতাই
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে এক মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে আহত করার পর তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার ভোর সাড় চারটার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামে ইউনিয়ন পরিষদ ভবনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
আহত আমানুল্লাহ (৫২) উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হেলাঞ্চি বাজার জামে মসজিদের ইমাম। হামলার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. ফায়াজ আহমেদ ফয়সাল জানান, শনিবার সকাল ছয়টা ২০ মিনিটে আহত আমানুল্লাহকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খেদাপাড়া ইউনিয়ন শাখার আমির মাওলানা গোলাম আজম দাবি করেন, আহত আমানুল্লাহ দলটির একজন কর্মী। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে এ দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ইমাম হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।











