পানীয় জল সংরক্ষণে মাটির ‘মেটে’
শ্যামনগর প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশবান্ধব জীবনযাত্রায় উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে মাটির তৈরি পাত্র (মেটে) বিতরণ করা হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’-এর উদ্যোগে উপজেলার ২৫০টি পরিবারের মাঝে এ মেটে বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ শামসুজ্জাহান কনক। প্রথম পর্যায়ে আটজন নারীর হাতে মাটির মেটে তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্লাস্টিকের পাত্রে পানি রাখা জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। এর বিকল্প হিসেবে মাটির পাত্র ব্যবহার সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। এটি বিদ্যুৎ ছাড়াই পানি প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে, পানির গুণাগুণ বজায় রাখে এবং প্লাস্টিক দূষণ কমায়।
অনুষ্ঠানে মাটির মেটে ব্যবহারের সঠিক নিয়ম, নিরাপদ পানি সংরক্ষণ, এবং এর স্বাস্থ্যগত ও অর্থনৈতিক সুবিধা তুলে ধরা হয়। একই সঙ্গে স্থানীয় মৃৎশিল্পের বিকাশ ও পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার আহ্বান জানানো হয়।








