ডিবি ইউনাইটেড হাই স্কুলে বার্ষিক পুরস্কার ও সংসদ সদস্যকে সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্যকে ফুল ও সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা। বক্তব্যকালে সংসদ সদস্য বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের প্রশংসা করেন এবং অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মরহুম আশরাফ আলী সিদ্দিকীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতে ইসলামীর নেতা হাবিবুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আনিসুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়ারেস এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাসান। আলোচনা সভা শেষে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।





