জাতীয় পার্টির রাজনীতিতে ফিরলেন আব্দুল লতিফ রানা
এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে জাতীয় পার্টির রাজনীতিতে আবারও সক্রিয় হয়েছেন দলের সাবেক নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। সম্প্রতি কেশবপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে তিনি পুনরায় দলীয় কার্যক্রমে যুক্ত হয়েছেন।
জানা যায়, কেন্দ্রীয় ছাত্র সমাজের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল লতিফ রানা ৫ আগস্ট ২০২৬ এর পর থেকে নিজ এলাকায় ছিলেন না। কিছু দিন আগে কেশবপুরে ফিরে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
কেশবপুরে শাহীন চাকলাদার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আব্দুল লতিফ রানা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। সে সময় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় তাকে দেখা যায়।
তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় তাকে প্রকাশ্যে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। সম্প্রতি উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ার মাধ্যমে তিনি আবারও জাতীয় পার্টির রাজনীতিতে ফিরে এসেছেন।
এদিকে, এক সময় জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, পরে আওয়ামী লীগে যোগদান এবং পুনরায় জাতীয় পার্টিতে ফিরে আসাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এখন প্রশ্ন-দল আব্দুল লতিফ রানার এই প্রত্যাবর্তনকে কীভাবে মূল্যায়ন করবে। বিষয়টি নিয়ে কেশবপুরের রাজনৈতিক মহলে কৌতূহল বিরাজ করছে।









