সাতক্ষীরার শিল্প-সংস্কৃতিমনাদের পদচারণায় মুখর খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা
পত্রদূত ডেস্ক: ঐতিহ্যের প্রতি ভালোবাসা মানুষকে টেনে আনে ইতিহাসের দুয়ারে। সেই টানেই সাতক্ষীরা থেকে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে আসেন শিল্প-সংস্কৃতিমনা অতিথিরা। তাঁদের আগমনে একাডেমি প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
খুলনা নগরীর ইকবাল নগর গার্লস স্কুলের পূর্ব পাশে ৩৬, আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমি। চিত্রশিল্পী মিলন বিশ্বাস ২০০৩ সালে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। দীর্ঘ পথচলার ধারাবাহিকতায় ২০২২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ঐতিহ্য সংগ্রহশালা। বর্তমানে সংগ্রহশালায় তিন শতাধিক দেশীয় ঐতিহ্যবাহী নিদর্শন সংরক্ষিত রয়েছে। সংবাদপত্র ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ সংগ্রহশালার পরিচিতি ছড়িয়ে পড়ায় খুলনার বাইরের দর্শনার্থীরাও নিয়মিত এখানে আসছেন।
সম্প্রতি সাতক্ষীরা থেকে সংগ্রহশালা পরিদর্শনে আসেন সাতক্ষীরা সরকারি কলেজের উত্তর পাশের নীলাচল নিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহানা আখতার। তাঁর সঙ্গে ছিলেন খুলনা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক সাবিনা রহমান এবং তাঁর সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত কন্যা নবীন শিল্পী ফারহা হাবিব। অতিথিরা গভীর আগ্রহ নিয়ে সংগ্রহশালার প্রতিটি নিদর্শন ঘুরে দেখেন।
অতিথিদের স্বাগত জানিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “আপনারা সাতক্ষীরা থেকে আমাদের এই সংগ্রহশালা দেখতে এসেছেন, এতে আমরা সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত। আপনাদের ভালোবাসাই আমাদের এই উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার শক্তি জোগায়।”
সংগ্রহশালা পরিদর্শন শেষে অতিথিরা উদ্যোগটির ভূয়সী প্রশংসা করেন। সাবিনা রহমান তাঁর কলেজজীবনের বন্ধু চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে উদ্দেশ করে বলেন, “তুমি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় একটি উদ্যোগ গ্রহণ করেছ। বর্তমান প্রজন্মকে অতীতের জীবনযাপন, ব্যবহার্য সামগ্রী ও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এমন সংগ্রহশালা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। আজকের দিনে মানুষ একটি মোবাইল ফোনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। তাই বাস্তব ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোর এই প্রচেষ্টা নিঃসন্দেহে অনুকরণীয়।”
নবীন শিল্পী ফারহা হাবিবও সংগ্রহশালার বিভিন্ন নিদর্শন দেখে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আবারও পরিদর্শনে আসার ইচ্ছা ব্যক্ত করেন। পরিশেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পুনরায় খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনের আমন্ত্রণ জানান।










