মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

দেবহাটায় মাদক বিরোধী অভিযানে ১ জন গ্রেপ্তার, ৩০ পিস ইয়াবা উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
দেবহাটায় মাদক বিরোধী অভিযানে ১ জন গ্রেপ্তার, ৩০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম আবুল হাসান মৃধা (৪০)। সে দেবহাটার উত্তর কোমরপুর গ্রামের ইয়াজি মৃধার ছেলে।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে দেবহাটা থানার দক্ষিণ কোমরপুর গ্রামের জনৈক শহিদুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পারুলিয়াগামী পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরার দেবহাটা থানায় কর্মরত এসআই মোঃ আল-আমিন, এএসআই মোঃ সাগর আলী, এএসআই মোঃ আলাউদ্দীন আলী, এএসআই মোঃ ইব্রাহিম রাসেল সঙ্গীয় ফোর্সসহ উক্ত অভিযান পরিচালনা করেন। এব্যাপারে দেবহাটা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে পুলিশ প্রহরার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Ads small one

আম্ফানের ৬ বছর পরও তৈরি হয়নি সড়ক ও কালভার্ট: ৬ গ্রামের ২৮ হাজার মানুষের দুর্ভোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
আম্ফানের ৬ বছর পরও তৈরি হয়নি সড়ক ও কালভার্ট: ৬ গ্রামের ২৮ হাজার মানুষের দুর্ভোগ

বিএম আলাউদ্দীন, আশাশুনি: ঘূর্ণিঝড় আম্ফানের তা-বে বিধ্বস্ত হওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও পুনর্নির্মাণ করা হয়নি আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ সড়ক। সেতু ও কালভার্ট না থাকায় ছয়টি গ্রামের প্রায় ২৮ হাজার মানুষকে প্রতিদিন বাঁশের সাঁকো ও নৌকায় পারাপার হতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, রোগী ও গর্ভবতী নারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে কুড়িকাহুনিয়া-গড়াইমহল খাল হয়ে কপোতাক্ষ নদের পুরোনো লঞ্চঘাট পর্যন্ত এবং সনাতনকাটি-নাকনা সংযোগ সড়কের মোট ৪ কিলোমিটার পথ সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ২০২০ সালের আমফান ও পরের বছর ঘূর্ণিঝড় ইয়াসের জোয়ারের তোড়ে সড়ক দুটি ভেসে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়।
বর্তমানে গড়াইমহল খালের ওপর তৈরি প্রায় ৭০০ ফুট দীর্ঘ নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে মানুষ যাতায়াত করছেন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো ও নৌকা পার হয়ে বিদ্যালয়ে যাচ্ছে। বর্ষার দিনে চলাচল পুরোপুরি ব্যাহত হয়ে পড়ে।
এ বিষয়ে আশাশুনি উপজেলা এলজিইডির প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রক্রিয়া সম্পন্ন করে এলজিইডিকে কাজ করার সুযোগ দেওয়া হলে বা অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া গেলে দ্রুত সড়কের কাজ শুরু করা সম্ভব হবে।

 

ভিলেজ ডক্টরস ফোরামের পারুলিয়া ইউনিয়নের সভাপতি রবিউল, সম্পাদক আমিরুল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
ভিলেজ ডক্টরস ফোরামের পারুলিয়া ইউনিয়নের সভাপতি রবিউল, সম্পাদক আমিরুল

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ভিলেজ ডক্টরস ফোরামের (ভিডিএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় পারুলিয়া জামায়াতে ইসলামী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে ৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। গ্রাম ডাক্তার হাফেজ মাওলানা মো. রবিউল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিপ্লোমা ডাক্তার আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পেশাজীবী বিভাগের সহসভাপতি মাওলানা আ. হান্নান, সাতক্ষীরা জেলা ভিলেজ ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আলমগীর হোসেন ও দেবহাটা উপজেলা ভিলেজ ডক্টরস ফোরামের সভাপতি গ্রাম ডাক্তার রফিকুল ইসলাম। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গ্রাম ডাক্তার রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক ডিপ্লোমা ডাক্তার আমিরুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেনÑ সহসভাপতি: গ্রাম ডাক্তার আইয়ুব হোসেন, সহসাধারণ সম্পাদক: গ্রাম ডাক্তার আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ: গ্রাম ডাক্তার রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: গ্রাম ডাক্তার শাহাজান, প্রচার সম্পাদক: গ্রাম ডাক্তার আলতাফ হোসেন, সদস্য: গ্রাম ডাক্তার জিল্লুর রহমান ও গ্রাম ডাক্তার শেফালী দাস।

জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলার দ্রুত সুরাহা এবং ট্রাফিক আইন প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের নিয়মিত মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দেন। সভার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।