বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকর্মা: জ্ঞান ও কর্মের প্রতীক/ সচ্চিদানন্দ দে সদয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
বিশ্বকর্মা: জ্ঞান ও কর্মের প্রতীক/ সচ্চিদানন্দ দে সদয়

সচ্চিদানন্দ দে সদয়

৩১ ভাদ্র এলেই হিন্দু সম্প্রদায়ের মধ্যে আসে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার দিন। কারখানা, কর্মশালা, গ্যারেজ, স্বর্ণকারের দোকান, কাঠমিস্ত্রির ঘর কিংবা বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে এদিন যন্ত্রপাতি পরিষ্কার করে পূজা করা হয়। কোথাও ঘুড়ি ওড়ানো, কোথাও বিশেষ খাবারের আয়োজনÑসব মিলিয়ে বিশ্বকর্মা পূজা ধর্মীয় আচারের পাশাপাশি একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবেও পরিণত হয়েছে। দুর্গাপূজার আগমনী আবহও যেন এই উৎসবের মধ্য দিয়ে অনুভূত হয়। কিন্তু বিশ্বকর্মা কে? কেন তাঁকে দেবশিল্পী বলা হয়? আর কেন তাঁর পূজার সঙ্গে জ্ঞান, যন্ত্র, শ্রম ও কর্মের সম্পর্ক এত গভীর? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় বৈদিক ও পুরাণের ঐতিহ্যে। ঋগ্বেদের দশম ম-লের ৮১ ও ৮২ সূক্তে বিশ্বকর্মার উল্লেখ রয়েছে।

 

সেখানে তাঁকে বিশ্বসৃষ্টি, সৃষ্টির পরিকল্পনা ও নির্মাণশক্তির সঙ্গে যুক্ত এক মহাশক্তি হিসেবে দেখা যায়। পরবর্তী পুরাণসাহিত্যে সেই ধারণাই আরও স্পষ্ট হয়ে ওঠেÑবিশ্বকর্মা হয়ে ওঠেন দেবতাদের স্থপতি, কারিগর ও নির্মাতা। ‘বিশ্বকর্মা’ নামের মধ্যেই যেন তাঁর পরিচয়ের একটি ব্যাখ্যা রয়েছেÑবিশ্বের কর্ম, বিশ্বের নির্মাণ, বিশ্বের সৃজন। তাই তিনি শুধু কোনো একটি শিল্পের দেবতা নন; শিল্প, স্থাপত্য, কারিগরি জ্ঞান ও সৃষ্টিশীল কর্মের প্রতীক। পুরাণের বিভিন্ন আখ্যান অনুযায়ী দেবতাদের প্রাসাদ, রথ, অলংকার ও অস্ত্র নির্মাণের সঙ্গে তাঁর নাম যুক্ত। স্বর্ণলঙ্কা, দ্বারকা ও ইন্দ্রপ্রস্থের মতো পৌরাণিক স্থাপত্যকীর্তিও তাঁর নির্মাণ হিসেবে বর্ণিত হয়েছে। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ইন্দ্রের বজ্রসহ নানা ঐশ্বরিক অস্ত্রের নির্মাতা হিসেবেও তাঁকে স্মরণ করা হয়।

 

জগন্নাথের বিগ্রহ নির্মাণের সঙ্গেও বিশ্বকর্মার নাম লোকবিশ্বাস ও পুরাণকথায় জড়িয়ে আছে। এসব কাহিনি ইতিহাসের দলিল নয়; এগুলো ভারতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। কিন্তু এসব আখ্যানের অন্তর্নিহিত দর্শন গুরুত্বপূর্ণ। মানুষ যে শুধু প্রার্থনা করে না, নিজের জ্ঞান ও শ্রম দিয়ে পৃথিবীকে নির্মাণও করেÑবিশ্বকর্মার ধারণায় সেই সত্যটি প্রতিফলিত হয়। বিশ্বকর্মার প্রতীকী রূপেও রয়েছে জ্ঞান ও কর্মের সমন্বয়। তাঁর হাতে দেখা যায় বিভিন্ন নির্মাণযন্ত্র। কোথাও দাঁড়িপাল্লা জ্ঞান ও কর্মের ভারসাম্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। আবার হাতুড়ি, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ তাঁর শিল্পীসত্তা ও নির্মাণশক্তির প্রতীক। বাহন হাতি শক্তি, শ্রম ও কর্মক্ষমতার প্রতীক হিসেবেও বিবেচিত। এখানেই বিশ্বকর্মা পূজার ধর্মীয় তাৎপর্য আরও গভীর হয়ে ওঠে। এই পূজা যেন মানুষকে মনে করিয়ে দেয়Ñশুধু জ্ঞান থাকলেই হবে না, সেই জ্ঞানকে কাজে প্রয়োগ করতে হবে। আবার শ্রম থাকলেই হবে না, শ্রমকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রয়োজন জ্ঞান ও দক্ষতা। অর্থাৎ জ্ঞান পথ দেখায়, কর্ম সেই পথকে বাস্তবে রূপ দেয়। বাংলাদেশের বাস্তবতায় এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। একটি ভবনের নকশা তৈরি করেন স্থপতি বা প্রকৌশলী; কিন্তু সেটিকে বাস্তবে দাঁড় করান রাজমিস্ত্রি, রডমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান ও নির্মাণশ্রমিক। কৃষিযন্ত্র সচল রাখেন মেকানিক, নৌযানের ইঞ্জিন মেরামত করেন কারিগর, কারখানার উৎপাদনব্যবস্থা সচল রাখেন দক্ষ প্রযুক্তিকর্মী। তাঁদের শ্রম ছাড়া কোনো পরিকল্পনাই পূর্ণতা পায় না। সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলে এর বাস্তবতা আরও স্পষ্ট। নদী, খাল, বাঁধ, সড়ক, ঘরবাড়ি, নৌযান ও কৃষি অবকাঠামোর সঙ্গে স্থানীয় কারিগর ও নির্মাণশ্রমিকের জীবন ও দক্ষতা ওতপ্রোতভাবে জড়িত।

 

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত থেকে শুরু করে কৃষিযন্ত্র ও নৌযান সচল রাখাÑমানুষের দৈনন্দিন জীবন অনেকাংশেই তাঁদের ওপর নির্ভরশীল। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই শ্রমের যথাযথ মর্যাদা দিই? বিশ্বকর্মা পূজার দিনে যন্ত্রপাতিতে ফুল দেওয়া হয়, কর্মস্থলে পূজা হয়। কিন্তু যে শ্রমিক সেই যন্ত্র ব্যবহার করেন, তাঁর নিরাপত্তা কি নিশ্চিত? যিনি ভবনের ওপর দাঁড়িয়ে কাজ করেন, তাঁর মাথায় নিরাপত্তা সরঞ্জাম আছে কি? যিনি বৈদ্যুতিক কাজ করেন, তাঁর পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা আছে কি? একজন দক্ষ কারিগর তাঁর শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন কি? বিশ্বকর্মা পূজার আধুনিক ধর্মীয় ব্যাখ্যা খুঁজতে গেলে এসব প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না। কারণ শ্রমের প্রতি শ্রদ্ধা শুধু পূজার আনুষ্ঠানিকতায় প্রকাশ পেলে তার পূর্ণতা আসে না। শ্রমিকের নিরাপত্তা, ন্যায্য মজুরি, কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার মধ্যেই শ্রমের প্রকৃত সম্মান। বিশ্বকর্মার আরেকটি বড় শিক্ষা হলো দক্ষতা।

 

বর্তমান পৃথিবীতে শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি ও ব্যবহারিক জ্ঞানের গুরুত্বও ক্রমেই বাড়ছে। বাংলাদেশেও তরুণদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন দক্ষ ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, নির্মাণশ্রমিক কিংবা কারিগর তাঁর অভিজ্ঞতা ও ব্যবহারিক জ্ঞান দিয়ে সমাজের গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করেন। আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন প্রয়োজন। শিক্ষিত মানুষ মানেই শুধু বিশ্ববিদ্যালয়ের সনদধারী নয়। হাতে-কলমে কাজের দক্ষতাও এক ধরনের জ্ঞান। একজন অভিজ্ঞ কারিগরের জ্ঞান বইয়ের পাতায় সবসময় পাওয়া যায় না; তা তৈরি হয় দীর্ঘদিনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও অনুশীলনের মধ্য দিয়ে। এই জায়গায় বিশ্বকর্মা পূজা একটি বড় সামাজিক বার্তা বহন করেÑকর্মকে ছোট করে দেখার সুযোগ নেই।

 

বিশ্বকর্মাকে ‘দেবশিল্পী’ বলা হয়। কিন্তু তাঁর আরাধনার সবচেয়ে আধুনিক ব্যাখ্যা হতে পারেÑসৃষ্টিশীল মানুষকে সম্মান করা। যে মানুষ নিজের দক্ষতা দিয়ে কিছু নির্মাণ করেন, মেরামত করেন, উৎপাদন করেন কিংবা অন্যের জীবনকে সহজ করেন, তিনি সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। স্থাপত্যের ক্ষেত্রেও বিশ্বকর্মার ধারণা তাৎপর্যপূর্ণ। প্রাচীন ভারতীয় স্থাপত্যচিন্তায় জমি নির্বাচন, দিক নির্ণয়, মাপজোক, আলো-বাতাস, নির্মাণসামগ্রী, গৃহ, মন্দির, জলাধার ও নগর পরিকল্পনার মতো বিষয় নিয়ে আলোচনা ছিল। অর্থাৎ নির্মাণকে শুধু সৌন্দর্যের বিষয় হিসেবে দেখা হয়নি; ব্যবহার, পরিবেশ ও মানুষের প্রয়োজনকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আজকের বাংলাদেশে দ্রুত নগরায়ণ ও অবকাঠামো নির্মাণের সময়ে এই দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রাসঙ্গিক।

 

শুধু দ্রুত নির্মাণ নয়, নিরাপদ ও টেকসই নির্মাণও জরুরি। একটি ভবন দাঁড়িয়ে গেলেই কাজ শেষ নয়; সেটি কতটা নিরাপদ, কতটা পরিবেশবান্ধব এবং কতদিন টিকে থাকবেÑসেই প্রশ্নও গুরুত্বপূর্ণ। তাই বিশ্বকর্মা পূজা আমাদের সামনে দুটি পথের কথা বলেÑজ্ঞান এবং কর্ম। জ্ঞানহীন কর্ম যেমন অন্ধ, তেমনি কর্মহীন জ্ঞানও অসম্পূর্ণ। পরিকল্পনা ও বাস্তবায়ন, মেধা ও শ্রম, প্রযুক্তি ও দক্ষতাÑসবকিছুর সমন্বয়েই সভ্যতা এগিয়ে যায়। ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে বিশ্বকর্মা দেবশিল্পী। দর্শনের জায়গা থেকে তিনি সৃষ্টিশীলতার প্রতীক। আর সামাজিক জীবনের জায়গা থেকে তিনি শ্রম ও দক্ষতার মর্যাদার প্রতীক।

 

এই কারণেই বিশ্বকর্মা পূজা শুধু একটি দিনের ধর্মীয় উৎসব নয়। এটি আমাদের মনে করিয়ে দেয়Ñমানুষের হাতে থাকা যন্ত্র কেবল লোহা নয়, তার সঙ্গে জড়িয়ে আছে মানুষের জ্ঞান, শ্রম ও স্বপ্ন। আসুন, দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় আমরা জ্ঞান ও কর্মের মধ্যে ভারসাম্য কামনা করি। দক্ষতা অর্জনের চেষ্টা করি, শ্রমজীবী মানুষের মর্যাদা দিই, কর্মক্ষেত্রকে নিরাপদ করি এবং মানুষের কল্যাণে জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করি। বিশ্বকর্মার প্রতি প্রকৃত শ্রদ্ধা হয়তো সেখানেইÑজ্ঞানকে কর্মে রূপ দেওয়া এবং কর্মকে মর্যাদা দেওয়া।

সচ্চিদানন্দ দে সদয়, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, আশাশুনি, সাতক্ষীরা
১৬ সেপ্টেম্বর ২০২৬

Ads small one

নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: নিরাপদ সুপেয় পানি ও চাষাবাদের জন্য উপযোগী পানির সহজলভ্যতা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রংতুলি ইয়ুথ টিম, রমজাননগর ও পিঁপিঁলিকা ইয়ুথ টিম, একশনএইড বাংলাদেশ, এলআরপি-৫৪ এর সহায়তায় শ্যামনগরের যুব সদস্যরা উপজেলা পাবলিক লাইব্রেরির সামনে এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমবর্ধমান লবণাক্ততা, সুপেয় পানির সংকট, কৃষিকাজে প্রয়োজনীয় পানির স্বল্পতা এবং জলাবদ্ধতা স্থানীয় মানুষের জীবন ও জীবিকাকে কঠিন করে তুলছে। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত লবণাক্ততার তীব্রতা বেড়ে যাওয়ায় স্থানীয় পুকুর ও নলকূপের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ফলে অনেক পরিবারকে দূরবর্তী স্থান থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়।

বক্তারা আরও বলেন, পর্যাপ্ত বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা ও জলাধারের অভাব, পুকুর-খালের সীমিত ব্যবহারযোগ্য, লবণাক্ত পানি প্রবেশ এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে সারা বছর নিরাপদ পানি ও কৃষিকাজের উপযোগী পানির সংকট দেখা দেয়। লবণাক্ততা ও খরার কারণে গবাদিপশুর পানীয় ও ব্যবহারযোগ্য পানির সংকটও বাড়ছে।

মানববন্ধন শেষে যুব প্রতিনিধিরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে কমিউনিটি পর্যায়ে পর্যাপ্ত পুকুর ও খাল খনন/পুনঃখনন, বিদ্যমান পিএসএফ-এর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নতুন পিএসএফ স্থাপন, সোলারবেস পিএসএফ ও লোনাপানি মিঠাকরন প্রযুক্তি(আরও প্লান্ট) ব্যক্তি মালিকানাধীন পুকুর পুনঃখনন এবং চিংড়িঘেরে লবণাক্ত পানি প্রবেশ নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।

এছাড়া বন্ধ ও ভরাট হয়ে যাওয়া খাল-নালা পুনরুদ্ধার, স্লুইস গেটের যথাযথ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, লবণ সহনশীল জাতের বীজের সম্প্রসারণ এবং কৃষি ও মৎস্য চাষে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির দাবিও জানানো হয়।

তালায় যুব এডভোকেসি সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
তালায় যুব এডভোকেসি সভা অনুষ্ঠিত

‎সংবাদদাতা: “যুবার হাতেই দিন বদল” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যুব-নেতৃত্বাধীন নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র আয়োজনে ও একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় বৃহস্পতিবার সকালে তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও কমিউনিটি সদস্যদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফ্জ্জুামান, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

‎সিডো’র প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভুমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, রপালী এর পরিচালক মোঃ শফিকুল ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, তালা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, নগরঘাটা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবু প্রসাদ, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লর রহমান, যুব প্রতিনিধি আমীর হামজা, ফিরোজা খাতুন, সিডো’র প্রকল্প কর্মকর্তা শেখর হালদার প্রমুখ। মাল্টিমিডিয়ার মাধ্যমে নেক্সাস এর কর্মপরিকল্পনা উপস্থাপন করেন, যুব প্রতিনিধি ইমতি জামিল।

‎সভায় জানানো হয়, নেক্সাসের মূল লক্ষ্য মানবিক সহায়তা, টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায়বিচার এবং সামাজিক শান্তি ও সুরক্ষাকে সমন্বিত করে পদ্ধতির মাধ্যমে সাতক্ষীরার দুর্যোগপ্রবণ স্থানীয় জনগোষ্ঠীর বহুমাত্রিক ঝুঁকি হ্রাস করা, যুব নেতৃত্ব বিকাশ করা এবং সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নীতি, বাজেট ও পরিষেবা প্রদান প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনা।

সভায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণ, স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অংশগ্রহণে জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি ও স্যানিটেশন সংকট, টেকসই জীবিকা ও কর্মসংস্থানের অভাব, সাইবার অপরাধ, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, মাদকাসক্ত ও যুবদের সামাজিক ঝূঁকি, লবণাক্ততা বৃদ্ধিতে কৃষি বিপর্যয়, জলবায়ূ পরিবতন জনিত স্বাস্থ্যঝুঁকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

সাজাসহ একাধিক পরোয়ানাভুক্ত আসামি দেবহাটার শফিকুল ইসলাম গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
সাজাসহ একাধিক পরোয়ানাভুক্ত আসামি দেবহাটার শফিকুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান চালিয়ে সাজাসহ একাধিক জিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে দেবহাটা থানার এএসআই মো. ইব্রাহিম খলিল, এএসআই মো. আলাউদ্দিন ও এএসআই রহমত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাজাসহ একাধিক জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম উপজেলার পারুলিয়া জেলেপাড়া এলাকার মৃত শামসুর রহমান সরদারের ছেলে।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে তার বিরুদ্ধে সাজাসহ একাধিক জিআর পরোয়ানা থাকায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।