তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে প্রবেশ করছেন কয়রার বনজীবীরা
জিএম রিয়াজুল আকবর, কয়রা (খুলনা): দীর্ঘ তিন মাসের আইনি নিষেধাজ্ঞা কাটিয়ে সুন্দরবনের নদী ও খালে আবার প্রবেশ করতে শুরু করেছেন সাতক্ষীরা ও খুলনা উপকূলের বনজীবীরা। বৈধ পাস-পারমিট নিয়ে ১ সেপ্টেম্বর থেকে বনজীবীরা বনে প্রবেশ করছেন। দীর্ঘ বেকারত্ব শেষে কাজে ফেরায় কয়রা উপজেলার উপকূলীয় জনপদে স্বস্তি ও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
সুন্দরবনের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল বন বিভাগ। এই সময়টি জলজ প্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। বন্ধের এই দিনগুলোতে আয় বন্ধ থাকায় দেনা ও ঋণে জর্জরিত হয়ে মানবেতর দিন কাটিয়েছেন বনজীবীরা।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সংবাদে গত কয়েক দিন ধরেই জাল সেলাই, নৌকা মেরামতসহ প্রস্তুতির কাজ শেষ করেছেন জেলেরা। কাসিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো. নাসির উদ্দীন জানান, ১ সেপ্টেম্বর থেকে বিএলসিধারী জেলেদের জন্য অভয়ারণ্য ব্যতীত নির্ধারিত এলাকায় মাছ ও কাঁকড়া আহরণের পারমিট দেওয়া শুরু হয়েছে। একই সঙ্গে বন বিভাগের টহল জোরদার রাখা হয়েছে।









