দেবহাটার সখিপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ২ ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা এই আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, সখিপুর বাজারে অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ‘শেখর ভ্যারাইটি স্টোর’-এর স্বত্বাধিকারী শেখর বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০০ এর ৩৮ ‘আফসার ফল ভান্ডার’-এর স্বত্বাধিকারী আফসার গাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ও বাজার দর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।










